রাজ্য দলে ফিরছেন অস্ট্রেলীয় ক্রিকেটাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপাতত ঘরোয়া ক্রিকেটে মনোযোগ দেবে অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটাররা। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া।
আপাতত ঘরোয়া ক্রিকেটে মনোযোগ দেবে অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটাররা। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সফরের জন্য বাক্স-প্যাটরা গুছিয়েই বসেছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক দপ্তরের (ডিএফএটি) নির্দেশনা অনুযায়ী ক্রিকেট অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর স্থগিত করলেও ক্রিকেটাররা সফরের অপেক্ষাতেই ছিলেন। কিন্তু গতকাল পর্যন্ত এ ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হওয়ায় জাতীয় দলের ক্রিকেটারদের নিজ নিজ রাজ্যের ক্রিকেট দলে ফেরত যেতে বলেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। নিজ নিজ রাজ্যে দলে ফেরত গিয়ে ক্রিকেটাররা এখন মনোযোগ দেবেন ঘরোয়া ক্রিকেটে। রাজ্য দলের সঙ্গে শুরু করবেন অনুশীলন। ক্রিকেট অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তে বাংলাদেশ সফর বাতিলের শঙ্কা আরও বাড়ল।
সোমবার সকালেই বাংলাদেশের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল অস্ট্রেলীয় ক্রিকেট দলের। গত শুক্রবার ডিএফএটি বাংলাদেশে অস্ট্রেলীয় স্বার্থে জঙ্গি হামলার শঙ্কা জানিয়ে প্রতিবেদন দিলে বাংলাদেশ সফর নিয়ে ‘ধীরে চলো’ নীতিই গ্রহণ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাদের নিরাপত্তা প্রধান শন ক্যারলের নেতৃত্বে তিন সদস্যের একটি নিরাপত্তা পর্যবেক্ষক দল পাঠানো হয় বাংলাদেশে। এই দলটি বাংলাদেশে এসে স্বরাষ্ট্রমন্ত্রীসহ দেশের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে ইতিমধ্যেই অস্ট্রেলিয়া ফিরে গেছেন। তবে এই সফরের মাধ্যমে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তারা সন্তুষ্ট কিনা, সেটা অবশ্য জানা যায়নি। বাংলাদেশের তরফ থেকে অস্ট্রেলীয় ক্রিকেট দলকে অবশ্য সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়েছে। বুধবার সকাল পর্যন্ত বাংলাদেশ সফরের ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া।
আগামী ৫ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডে প্রতিযোগিতা ম্যাটাডোর কাপ শুরু হচ্ছে। এই প্রতিযোগিতার প্রথম রাউন্ডে খেলবে ৬টি রাজ্য দল। ক্রিকেট অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তের পর ম্যাটাডোর কাপের জন্য নিউ সাউথ ওয়েলস ফেরত পাচ্ছে টেস্ট দলের ৫ সদস্য—স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, নাথান লায়ন, পিটার নেভিল আর স্টিভেন ও’কিফকে।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া দলে ফেরত যাচ্ছেন মিচেল মার্শ, ক্যামেরন ব্যানক্রফট, অ্যাডাম ভোজেস। উসমান খাজা আর জো বার্নস যাচ্ছেন কুইন্সল্যান্ডে। ভিক্টোরিয়া দলে যাচ্ছেন গ্লেন ম্যাক্সওয়েল আর পিটার সিডল। অ্যান্ড্রু ফেকেটে আর জেমস ফকনারের গন্তব্য তাসমানিয়া রাজ্য দল।
বাংলাদেশে অবশ্য একসঙ্গে রওনা দেওয়ার কথা ছিল না অস্ট্রেলীয় ক্রিকেট দলের। কথা ছিল, তারা নিজ নিজ রাজ্য থেকে বিমানে চড়ে ঢাকা পৌঁছবেন। ঢাকাতেই একসঙ্গে হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া দলের। সূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া।