রাজ্য হারাচ্ছেন ডালমিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডালমিয়া ও শ্রীনি​বাসন। ফাইল ছবি
ডালমিয়া ও শ্রীনি​বাসন। ফাইল ছবি

কপাল বটে এন শ্রীনিবাসনের। ভারতীয় ক্রিকেটে সিংহাসন ফিরে পেতে এই মুহূর্তে তাঁর পথে সবচেয়ে বড় ‘কাঁটা’টিই হয়তো আর থাকছে না। শারীরিক অবস্থার কারণে জগমোহন ডালমিয়াকে ​বিসিসিআই প্রধানের পদ থেকে সরে যাওয়ার জন্য চাপ দিচ্ছে তাঁর ঘনিষ্ঠরা। ‘প্রধান পৃষ্ঠপোষক’ পদ তৈরি করে তাঁকে একটা আলংকারিক পদ দেওয়ার চিন্তা-ভাবনা করা হচ্ছে।
৭৫ বছর বয়সী ডালমিয়ার শারীরিক অবস্থা আসলেই কিছুদিন ধরে ভালো যাচ্ছে না। তা ছাড়া সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ডালমিয়ার দোটানা মনোভাবও বোর্ডের ভেত​রকার বাতাস গুমোট করে তুলেছে। শ্রীনিবাসন প্রশ্নে তিনি কঠোর অবস্থান নিতে পারেননি। আদালতের কোর্টে ঠেলে দিয়েছেন বিষয়টি। ডালমিয়ার দোদুল্যমানতা ভালোভাবে নেয়নি বোর্ডের প্রভাবশালী একটি অংশ।
সম্প্রতি বোর্ডের একজন প্রভাবশালী কর্মকর্তা কলকাতায় এসে ডালমিয়া ও তাঁর ছেলে অভিষেকের সঙ্গে দেখা করেছেন। অভিষেক সেই কর্মকর্তাকে আশ্বস্ত করেন তাঁর বাবা দ্রুতই সেরে উঠে সবকিছুর ভার নেবেন। কিন্তু বোর্ডের প্রভাবশালী অংশ মনে করছে, সবকিছু কক্ষপথে ফেরাতে ডালমিয়াকে সরানোই ভালো সমাধান। অবশ্য ডালমিয়া নির্বাচিত হয়েছেন। তা ছাড়া তাঁর অসুস্থতাও এমন নয় যে তিনি এই পদের জন্য অযোগ্য। ফলে নিজে থেকে সরে না গেলে ডালমিয়াকে কেউ সরাতে পারবে না।
বোর্ডের অংশটি ‘অভ্যুত্থান’ও ঘটাতে চায় না। তারা মনে করে, ক্রিকেটে ডালমিয়ার যা অবদান, সেটিকে অস্বীকার করার উপায় নেই। তবে সব পক্ষের জন্যই ভালো হবে তিনি যদি প্রধান পৃষ্ঠপোষক হতে রাজি হন।
এ দিকে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে নতুন কোচের নিয়োগ বিসিসিআই দিতে পারছে না। ফলে টিম ডিরেক্টর হিসেবে এই সিরিজেও দায়িত্ব পালন করবেন রবি শাস্ত্রী। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।