রান উৎসবে রইল একটু আক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক ঘন্টা আগেই চট্টগ্রাম টেস্টে ড্র মেনে নিয়েছে দুই দল। ছবি: প্রথম আলো
এক ঘন্টা আগেই চট্টগ্রাম টেস্টে ড্র মেনে নিয়েছে দুই দল। ছবি: প্রথম আলো
• বাংলাদেশে এক টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান উঠেছে সিরিজের প্রথম টেস্টে।
• ১৫৩৩ রানের পাশে মাত্র ২৪ উইকেট পড়েছে।
• উইকেট প্রতি ৬৩.৮৭ রান উঠেছে চট্টগ্রামে, বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।

মানলাম, এ ম্যাচ যে ড্র হতে যাচ্ছে সেটা আগেই বোঝা যাচ্ছিল। তাই বলে দিনের বাকি সময়টা খেলতে সমস্যা কী ছিল? দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৩০৭ রান তুলে ফেলেছিল বাংলাদেশ। বাকি ১৬/১৭ ওভার খেললে তো অনায়াসে ৫৭টা রান হয়েই যায়। 

কেন, ঠিক ৫৭ রানের পেছনেই কেন পড়া? কারণ, ৫৭ রান হলেই বাংলাদেশের মাটিতে হওয়া টেস্টের সর্বোচ্চ রানের রেকর্ডটা হয়ে যেত আজ। প্রথম ইনিংসে বাংলাদেশ ৫১৩ রান তোলার পর, শ্রীলঙ্কা করেছিল ৭১৩ রান। ২০০ রানে পিছিয়ে থেকেও কুঁকড়ে যায়নি স্বাগতিকেরা। হারের শঙ্কার মুখেও দাপুটে ব্যাটিংয়ে ৩০৭ রান তুলেছে। অর্থাৎ দুই দলের তিন ইনিংসে ১৫৩৩ রান এসেছে। বাংলাদেশের মাটিতে দ্বিতীয় সর্বোচ্চ।
এই জহুর আহমদ স্টেডিয়ামেই ২০১৪ সালের এক টেস্টে ১৫৮৯ রান এসেছিল। সে ম্যাচেও বাংলাদেশের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা! কুমার সাঙ্গাকারা একাই ওতে অবদান রেখেছিলেন ৪২৪ রান (৩১৯ ও ১০৫)।
স্থান-কাল-পাত্রের হিসাব তুলে দিলে বাংলাদেশের কোনো টেস্টে সর্বোচ্চ রান এসেছে ২০১৩ সালের গল টেস্টে। মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরির কারণে স্মরণীয় হয়ে থাকা সে টেস্টে দুই দল মিলে তুলেছিল ১৬১৩ রান! তবে এক টেস্টের সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ডের ধারে কাছেও নেই বাংলাদেশ। ১৯৩৯ সালে ডারবান টেস্টে জয় থেকে ৪২ রান দূরে থাকা অবস্থায় ড্র মেনে নিয়েছিল ইংল্যান্ড, সময়মতো জাহাজে চড়ার জন্য! ইতিহাসের শেষ ‘টাইমলেস’ টেস্টে ১৯৮১ রান উঠেছিল। টি-টোয়েন্টির যুগেও সে রেকর্ড মনে হয় না কেউ ভাঙতে পারবে!

বাংলাদেশে এক টেস্টে সর্বোচ্চ রান:

রান

ম্যাচ

ইনিংস

সাল, ভেন্যু

১৫৮৯

বাংলাদেশ-শ্রীলঙ্কা

৪

২০১৪, চট্টগ্রাম

১৫৩৩

বাংলাদেশ-শ্রীলঙ্কা

৩

২০১৮, চট্টগ্রাম

১৫২৩

বাংলাদেশ-ও.ইন্ডিজ

৪

২০১২, ঢাকা

১৫১৫

বাংলাদেশ-পাকিস্তান

৩

২০১৫, খুলনা

১৪৫৮

বাংলাদেশ-জিম্বাবুয়ে

৪

২০১৪, চট্টগ্রাম