রান উৎসবের কারণ...
ওয়ানডে যেন এখন শুধু ব্যাটসম্যানদেরই খেলা। বোলারদের এখন ব্যাটসম্যানদের হাতে শুধু নিষ্পেষিত হতেই দেখা যায়। অস্ট্রেলিয়া-ভারত ওয়ানডে সিরিজের কথাই ধরুন না, একটি ম্যাচই ৩০০ রানের নিচে জয়-পরাজয় দেখল, বাকি চার ম্যাচই দেখল দুই দলের তিন শ ছাড়ানো রান। ৩০০ রান যেন কোনো ব্যাপারই নয়। ওয়ানডেতে এখন এমন রান উৎসবের কারণ কী? ব্যাটিং-সহায়ক পিচ, ভারী ব্যাট, ব্যাটসম্যানদের উদ্ভাবনী সব শট? সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার ডিন জোনস অবশ্য তা মনে করেন না। অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং হেরাল্ড-এর কলামে জোনস লিখেছেন, বোলিংয়ের মান এ মুহূর্তে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে বলেই ওয়ানডে ক্রিকেটে রানের বন্যা বইছে।
আন্তর্জাতিক ক্রিকেট সূচিতে মাত্রাতিরিক্ত ব্যস্ততাই বোলিংয়ের মান নিচে নেমে যাওয়ার মূল কারণ বলে মনে করেন জোনস। তাঁর মতে, ‘আন্তর্জাতিক ক্রিকেটের সময়সূচির সঙ্গে তাল মিলিয়ে যেকোনো বোলারের পক্ষেই তার সেরাটা দেওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।’
বোলারদের দুর্বলতার জায়গাগুলোও বিশ্লেষণ করেছেন সাবেক এই অস্ট্রেলীয় ব্যাটসম্যান, ‘বোলাররা ঠিক লাইন ও লেংথে বোলিং করতে পারছে না। ম্যাচের পরিস্থিতি বুঝতেও অপারগ এখনকার বোলাররা। চাপের মুখে ইয়র্কার দেওয়ার মতো বোলারই নেই।’
অতিরিক্ত ম্যাচই আন্তর্জাতিক ক্রিকেটারদের জন্য পরিস্থিতি দিন দিন কঠিন করে তুলছে বলে মনে করেন জোনস, ‘বর্তমান সময়ের ক্রিকেটে শারীরিকভাবে একজন ক্রিকেটারকে সর্বোচ্চ ফিট হতে হবে। ১১ দিনের মধ্যে যদি ৫টা এক দিনের ম্যাচ কোনো খেলোয়াড়কে খেলতে হয়, তাহলে মান বজায় রাখা খুবই কঠিন।’
জোনস তাই ক্রিকেটারদের প্রতি সহানুভূতিশীলই, ‘আমার কাছে খুবই অবাক লাগে। কঠিন সময়সূচির মধ্যে যে খেলোয়াড় ঠিকমতো বিশ্রামেরই সুযোগ পায় না, তারা কীভাবে পরের ম্যাচের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেবে!’ বিশ্বকাপ-পরবর্তী সময়ের ক্রিকেটকে তিনি তুলনা করেছেন, ‘রানখেকো’ এক পশুর সঙ্গে, ‘এই পশুটি শুধু রান চায়। ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে আগে ব্যাট করে যদি কোনো দল ৩০০ রান করতে না পারে তাহলে তাকে নিশ্চিত হারের মুখে পড়তে হচ্ছে।’
সত্যিকারের ফাস্ট বোলার কিংবা ভালো মানের স্পিনারদের হারিয়ে যাওয়াকেও এ অবস্থার অন্যতম কারণ হিসেবে দেখছেন জোনস, ‘মিচেল স্টার্ক ছাড়া কোনো বোলারই এখন ১৫০ কিলোমিটার গতিতে বল করতে পারে না। যেসব স্পিনার “দুসরা” করতে পারত, তারাও এখন খেলাটা থেকে হারিয়ে গেছে। ব্যাটসম্যানরাও মজা পেয়ে গেছে। বোলিংয়ের এমন নিম্নমান দেখে মাঠে নেমে ওরা বলছে, “ধন্যবাদ”, আর শুরু করে দিচ্ছে পেটানো।’