মুদ্রার উল্টো পিঠও দেখলেন ওয়ার্নার

টেস্টের দ্বিতীয় দিনটি নিয়ে বাড়তি যা একটু আগ্রহ ছিল তাতে শুরুতেই জল ঢেলে দিলেন ট্রেন্ট বোল্ট। দিনের ষষ্ঠ ওভারেই ডেভিড ওয়ার্নারকে আউট করে দিলেন এই কিউই পেসার। ক্যারিয়ারের প্রথম ত্রি শতক থেকে তখনো ৪৭ রানে দূরে অস্ট্রেলিয়ান ওপেনার। এরপর গৎবাঁধা এক টেস্টের দেখাই মিলল পার্থ টেস্টে। বোলার এবং ব্যাটসম্যান দু পক্ষই যেখানে সমানে সমান লড়ে দিন শেষ করতে পেরেছে।
টেস্টের প্রথম দিনটি ওয়াকা দেখেছে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের রান উৎসব। মাত্র ২ উইকেটে ৪১৬ রান নিয়ে দিন শেষ করেছিল তাঁরা। দ্বিতীয় দিনটিকে আর সেই দিকে যেতে দেয়নি নিউজিল্যান্ডের বোলাররা। আজ আগের দিনের সংগ্রহের সঙ্গে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৪৩ রান যোগ করতে পেরেছে স্বাগতিকেরা। কোনো ব্যাটসম্যানই পাননি ফিফটির দেখা। দলের সংগ্রহটা ৯ উইকেট হারিয়ে ৫৫৯ রান ছুতেই ইনিংস ঘোষণা করে দেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। আগের দিন রানের পর রান তোলা ওয়ার্নার আজ বুঝলেন কাজটা কঠিনও। গতকাল এক দিনেই ২৪৪ রান তুলে ফেলা এই ওপেনার আজ যোগ করতে পেরেছেন মাত্র ৯।
নিউজিল্যান্ডদের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন বোল্ট, হেনরি ও ব্রেসওয়েল। আর মাত্র ৫ বলের মধ্যে তিন উইকেট তুলে নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি মার্ক ক্রেগ।

নিউজিল্যান্ডের ইনিংসের শুরুটাও ভালো হয়নি। ৬ রানের মাথায় মিচেল স্টার্কের বলে ফিরে যান মার্টিন গাপটিল। এর পর টম লাথাম এবং কেন উইলিয়ামসন মিলে ৮৬ রানের জুটি গড়ে দলকে একটু স্বস্তি এনে দেন। কিন্তু নাথান লায়নের বলে লাথাম ফিরে গেলে আবারও বিপদে পড়ে নিউজিল্যান্ড। উইকেটে আসেন রস টেলর। দিনের বাকি সময়টুকু টেলরকে সঙ্গী করে পার করে দিয়েছেন উইলিয়ামসন। দিন শেষে সফরকারীদের সংগ্রহ ২ উইকেটে ১৪০ রান। টেলর এবং উইলিয়ামসন মিলে তৃতীয় উইকেট জুটিতে তুলেছেন ৫৩ রান।
এই জুটিতেই ইতিহাস গড়েছেন এই দুজন। নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে দুজন ব্যাটসম্যানের জুটিতে মোট রানের তালিকার শীর্ষে এখন এ দুজন। এখনো পর্যন্ত টেস্টে ৪২ বার জুটি গড়ে ১৯৭৬ রান তুলেছেন এই দুজন। নিউজিল্যান্ডের হয়ে আগের রেকর্ড ছিল নাথান অ্যাস্টল এবং স্টিফেন ফ্লেমিংয়ের। তাঁরা নিয়েছিলেন ৫৮ ইনিংসে ১৯৫১ রান।
এই দুজনের প্রতিরোধেই দিনটি পুরোপুরি বোলারদের হতে দেয়নি। সারা দিনে আজ ওয়াকায় ৯ উইকেট পড়েছে, আর ব্যাটসম্যানরা তুলতে পেরেছেন ২৮৩ রান। প্রথম দিনের রান বন্যার পর এ ব্যাটে বলের এমন সমতাই ম্যাচটিকে একপেশে হতে দেয়নি এখনো।