রান করে ‘আত্মবিশ্বাসী’ হয়ে উঠেছেন নাঈম

তিন ম্যাচ খেলে দুটি ফিফটি নাঈমেরছবি: বিসিবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলেননি মোহাম্মদ নাঈম। দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে সৌম্য সরকারের জায়গায় সুযোগ পেলেন। নিজেকে প্রমাণও করলেন। এর পর থেকেই নিয়মিত তিনি। দুই ম্যাচে করেছেন ফিফটি। প্রথমে ওমানের বিপক্ষে করেছিলেন ৫০ বলে ৬৪ রান, এরপর পাপুয়া নিউগিনির বিপক্ষে শূন্য রানে ফিরলেও শ্রীলঙ্কার বিপক্ষে করেছেন ৫২ বলে ৬২।

নাঈম যে দুই ইনিংসে ফিফটি পেয়েছেন, এই দুই ম্যাচে বাংলাদেশ ইনিংসের ৪২.৫০ শতাংশ বল একাই খেলেছেন তিনি। এ দুই ম্যাচেই বাংলাদেশ ভালো সংগ্রহ পেয়েছে। পরের দিকে ওমানের বিপক্ষে সাকিব করেছিলেন ২৯ বলে ৪২, শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকুর রহিম খেলেছেন ৩৭ বলে ৫৭ রানের ইনিংস।

উইকেট বিচার করে ব্যাটিং করেন নাঈম
ছবি: বিসিবি

নাঈম অবশ্য বলছেন, তিনি নিজের পরিকল্পনা অনুযায়ী উইকেটের প্রকৃতি বিচার করেই খেলেছেন, ‘সব ব্যাটসম্যানেরই পরিকল্পনা থাকে, আমারও আছে। উইকেট পর্যবেক্ষণ করেই তো খেলতে হয়, এরপর পরিকল্পনার সঙ্গে সমন্বয় করে খেলতে হয়।’

গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ১৭১ রান করেও হেরেছে বাংলাদেশ। শারজার উইকেট ছিল ব্যাটিংয়ের জন্য বেশ সহায়ক। এমন উইকেটে বাংলাদেশের স্কোরটা একটু কমই হয়ে গেছে কি না, প্রশ্ন আছে সেটি নিয়েও। তবে নাঈম বলছেন, এমন স্কোর ডিফেন্ড করা উচিত ছিল তাদের, ‘আসলে প্রথমেই তো উইকেট দেখে বোঝা যায় না। উইকেট পর্যবেক্ষণ করার পর একটা লক্ষ্য ঠিক করতে হয় যে এ উইকেটে কোন স্কোরটা ভালো। প্রথমে ভালো শুরু হওয়ার পর সাকিব ভাই, আমি, মুশফিক ভাই—সবাই উইকেট বুঝে, কন্ডিশন বুঝে রান করার চেষ্টা করেছি। কাল স্কোরবোর্ডে যা ছিল, সেটি ডিফেন্ড করার মতোই ছিল।’

নাঈম বলছেন ১৭১ রান জয়ের জন্য যথেষ্ট ছিল
ছবি: বিসিবি

শেষ পর্যন্ত পারেনি বাংলাদেশ। তবে পরের ম্যাচগুলোয় ভালো করার আশায় আছেন বাংলাদেশি এ বাঁহাতি ওপেনার, ‘দুবাইয়ের কন্ডিশন ওমানের মতোই। আর আমরা অনেক দিন ধরেই এখানে আছি। কন্ডিশনের সঙ্গে মোটামুটি আমরা মানিয়ে নিয়েছি। কাল কোনো একটা কারণে, কোনো একটা ভুলের কারণে (জেতা) হয়নি। এখন প্রতিটি ম্যাচেই তিন বিভাগেই ভালো করার লক্ষ্য থাকবে।’

দলের লক্ষ্যের সঙ্গে ব্যক্তিগত লক্ষ্যটাও স্থির নাঈমের, ‘সব সময়ই চাই রান করতে। রান করলে আত্মবিশ্বাস ভালো থাকে। বিশেষ করে এমন টুর্নামেন্টে খেললে বেশি মনোযোগী থাকতে হয়। ঘরোয়া ক্রিকেটের চেয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বেশি মনোযোগ ধরে রাখতে হয়। আর রান করলে তো ব্যাটসম্যানরা আত্মবিশ্বাসী থাকে।’

নাঈমের এ আত্মবিশ্বাস কতটা কাজে লাগবে বাংলাদেশের, প্রশ্ন অবশ্য সেটিই।