রান তাড়ায় ব্যর্থ প্রোটিয়ারা
একটা ব্যাপার পরিষ্কার। আগে ব্যাট করলে চাপ-টাপ গায়ে লাগে না দক্ষিণ আফ্রিকার। যত সমস্যা রান তাড়া করার বেলায়। স্নায়ুর ওপর নিয়ন্ত্রণ থাকে না তাদের। আর তাতেই হাতছাড়া ম্যাচটাও। স্নায়ুচাপটাকেই তাই দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় প্রতিপক্ষ বলে মনে করেন সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। এটাকে জয় না করে প্রোটিয়াদের ফাইনাল পর্যন্ত যাওয়ার কোনো পথ দেখছেন না স্মিথ।
এই বিশ্বকাপের এ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা যে পাঁচটি ম্যাচ খেলেছে, তাতেও বিষয়টা পরিষ্কার। আগে ব্যাট করে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড তিনটি ম্যাচেই বড় স্কোর গড়েছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু তাড়া করতে নেমে খেই হারিয়েছে ভারত ও পাকিস্তানের বিপক্ষে। শুধু এই বিশ্বকাপ কেন, চাপের মুখে ভেঙে পড়ার অভ্যাসটা যে দক্ষিণ আফ্রিকার মজ্জাগত হয়ে গেছে, আইসিসির ওয়েবসাইটে নিজের কলামে সেটা পরিসংখ্যান দিয়েও বুঝিয়েছেন স্মিথ, ‘গত বিশ্বকাপের পর থেকে ২৪০ রানের বেশি তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার জয়-পরাজয়ের অনুপাত ৩: ১০। এই সময়ে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার জয়-হারের অনুপাত ২৪: ৮, যা টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে সেরা। ১৯৯২ বিশ্বকাপ থেকে এ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা যে ম্যাচগুলো হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়েছে, তার মধ্যে ২০০৭ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনাল ছাড়া বাকি সবগুলোতেই রান তাড়া করছিল।’
এ বিশ্বকাপেও নকআউট পর্বে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার এ দুর্বলতার সুযোগ নিতে চাইবে বলে মনে করেন স্মিথ। আইসিসি-ক্রিকেট ডটকম।