রান তাড়ার 'তাড়া' ছিল না আমিরাতের

লক্ষ্যমাত্রা ছিল ৩৪০ রান। আরব আমিরাত নিজেদের প্রেক্ষাপটে এই লক্ষ্যকে অবাস্তবই ভেবেছে। রান তাড়ায় কোনো ‘তাড়া’ ছিল না দলটির। নেপিয়ারে পাকিস্তানের ৩৩৯ রানের জবাবে পুরো ৫০ ওভার ব্যাট করে ২১০ রান করে ১২৯ রানে হার মেনেছে তারা।
আমিরাতের ইনিংসের হাইলাইট বলতে শাইমান আনোয়ারের ৬২ রানের ইনিংস। খুররাম খানের ৪৩ আর আমজাদ জাভেদের ৪০-এর কথাও উল্লেখ করতে হয়। কিন্তু শাইমান আজ নিজের তৃতীয় ফিফটিটি করে নাম লিখিয়েছেন বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান হিসেবে। পাকিস্তানি বংশোদ্ভূত এই আমিরাতি ক্রিকেটার পেছনে ফেলেছেন কুমার সাঙ্গাকারা, ক্রিস গেইল, হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্সের মতো তারকা ব্যাটসম্যানদের।
পাকিস্তানি বোলারদের মোকাবিলার শুরুটা বেশ সতর্কতার সঙ্গেই করেছিল আমিরাত। ২৫ রানে ৩ উইকেট পড়ে গেলেও চতুর্থ উইকেট জুটিতে খুররাম ও শাইমান ৮৩ রান যোগ করে পাকিস্তানিদের হতাশার কারণ হয়ে দাঁড়ান। এই দুজনকে ফেরান শোয়েব মাকসুদ ও শহীদ আফ্রিদি। সপ্তম উইকেটে আমজাদ জাভেদ ও স্বপ্নিল প্যাটেল আরও ৬৮ রান যোগ করলে আমিরাতের সংগ্রহটা পৌঁছে সম্মানজনক জায়গায়।
পাকিস্তানের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন সোহেল খান, ওয়াহাব রিয়াজ ও শহীদ আফ্রিদি। একটি করে উইকেট নিয়েছেন রাহাত আলী ও শোয়েব মাকসুদ। সূত্র: স্টার স্পোর্টস