রান পাহাড়ে চাপা অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাবল সেঞ্চুরির পর ইউনুস। ছবি: এএফপি
ডাবল সেঞ্চুরির পর ইউনুস। ছবি: এএফপি

উইকেট পাওয়া কঠিন। উইকেট পাওয়া আবার সহজও! ১৫০ ওভার বল করে অস্ট্রেলিয়া যেখানে তুলতে পেরেছিল মোটে তিনটি উইকেট, সেখানে ৫ ওভার বল ঘোরাতেই উইকেটের দেখা পেল পাকিস্তান! শুরুর এই ধাক্কাটা পাকিস্তানের বোলাররা ক্লান্ত অস্ট্রেলিয়াকে সামনেও দিতে পারবেন কি না, সেটাই দেখার। আর তা দিতে পারলেই প্রায় দুই দশক পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতার আশাটা আরও উজ্জ্বল হবে।
আপাতত আবুধাবি টেস্টের দ্বিতীয় দিনটা কিন্তু স্বপ্নই দেখাচ্ছে মিসবাহ-উল-হকের দলকে। ৬ উইকেটে ৫৭০ রান তুলে ইনিংস ঘোষণার পর পাকিস্তান আরও অস্বস্তিতে ফেলেছে অস্ট্রেলিয়াকে। ১ উইকেটে ২২ রান নিয়ে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। পিছিয়ে আছে ৫৪৮ রানে!
নায়ক ইউনুস খানই। সিরিজের তৃতীয় ইনিংসে তৃতীয় সেঞ্চুরিটাকে ‘ডাবল’-এ রূপ দিয়ে ওয়ানডে দল থেকে বাদ পড়ার ঝালটাই যেন মেটিয়েছেন। আগের দিনে তাঁর সঙ্গী আজহার সেঞ্চুরির ইনিংসটাকে ১০৯ রানে থামিয়ে ঘরে ফিরলেও মিসবাহ ভোলেননি আজহার-ইউনুসের সঙ্গে যোগ দিতে। তিনিও তুলে নিয়েছেন সেঞ্চুরি। ইউনুসের সঙ্গে আরও একটি দুর্দান্ত জুটিও গড়েছেন। তৃতীয় উইকেটে ২৩৬ রান হজম করার ধাক্কাটা সামলে উঠতে না উঠতেই অস্ট্রেলিয়া পাকিস্তানের চতুর্থ উইকেটে হজম করেছে ১৮০ রান।
সেঞ্চুরির পরপরই মিসবাহ (১০১) আউট হয়ে যাওয়ায় আরেকটি ডাবল সেঞ্চুরির জুটি হয়নি। ইউনুসও ডাবল সেঞ্চুরির খানিক পর (২১৩) আউট হওয়ায় আর বেশিক্ষণ অপেক্ষা করেননি পাকিস্তান অধিনায়ক। অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের চতুর্থ সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়ে ইনিংস ঘোষণা করেছেন মিসবাহ।
এরপর দুবাইয়ে অভিষিক্ত ইমরান খান নিজের তৃতীয় ওভারেই ক্রিস রজার্সকে ফিরিয়ে দিলে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। আলোক স্বল্পতার কারণে পরের ওভারেই থেমে যায় খেলা। এখন অস্ট্রেলিয়া রান স্বল্পতায় না ভুগলেই হয়!