হেনরি নিকোলস পেলেন তাঁর অষ্টম টেস্ট সেঞ্চুরি, টম ব্লান্ডেল ৪ রানের জন্য সেঞ্চুরির দেখা পাননি, ম্যাট হেনরি বল হাতে ধ্বংসযজ্ঞ চালানোর পর ব্যাট হাতেও করলেন ৫৮, নিল ওয়াগনরও কম যান না, করেছেন ৪৯, এ ছাড়াও ছিল কলিন ডি গ্র্যান্ডহোমের ৪৫—দারুণ ব্যাটিংয়ে ক্রাইস্টচার্চ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৮২ রান তুলেছে নিউজিল্যান্ড। নিজেদের প্রথম ইনিংসে ৯৫ রানে গুটিয়ে যাওয়া দক্ষিণ আফ্রিকা পিছিয়ে ৩৮৭ রানে।
ক্রাইস্টচার্চ যেন ম্যাট হেনরির জন্য রেকর্ডের ডালি সাজিয়ে বসেছে। কাল দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ২৩ রানে ৭ উইকেট নিয়ে টেস্টে নিউজিল্যান্ডের পক্ষে তৃতীয় সেরা বোলিং করার পর আজ ব্যাটিংয়েও রেকর্ড করেছেন। তিনি এ মুহূর্তে টেস্টের প্রথম ১১ নম্বর ব্যাটসম্যান, যিনি বল হাতে ৭ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও করলেন পঞ্চাশ।
মাত্র দুই দিনের মধ্যেই ৩৮৭ রানে এগিয়ে গিয়ে নিউজিল্যান্ড ক্রাইস্টচার্চে জয়ই দেখছে। দক্ষিণ আফ্রিকা পর্বত ডিঙানোর এই পরীক্ষায় উতরে যেতে পারে কেবল অতিমানবীয় কিছু করতে পারলেই। কিন্তু সেটি করতে গিয়েও দ্বিতীয় ইনিংসে আবার বিপর্যয়ের মুখে তারা। দ্বিতীয় দিন শেষে স্কোরবোর্ডে ৩৪ রান তুলতেই হারিয়ে বসেছে ৩ উইকেট। দ্বিতীয় ইনিংসে এখনো পর্যন্ত দাপট কিউই ফাস্ট বোলার টিম সাউদির। তিনি ৮ রানে নিয়েছেন ২ উইকেট। ম্যাট হেনরি নিয়েছেন এক উইকেট। দক্ষিণ আফ্রিকা পিছিয়ে ৩৫৩ রানে।
রাসি ফন ডার ডুসেন আর টেম্বা বাভুমা লড়াই করছেন। ফিরে গেছেন সারিল এরউই, অধিনায়ক ডিন এলগার আর এইডেন মার্করাম। সাউদির শিকার হয়েছেন এরউই আর মার্করাম, হেনরি ফিরিয়েছেন এলগারকে।
কালই দক্ষিণ আফ্রিকার ৯৫ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১১৬ রান তুলে ফেলেছিল নিউজিল্যান্ড। হেনরি নিকোলস ৩৭ রানে অপরাজিত ছিলেন। নিজের সংগ্রহটাকে আজ তিন অঙ্কে নিয়ে গেছেন কিছুটা ভাগ্যের সহায়তা নিয়েই। ক্রাইস্টচার্চ টেস্টে ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংটাও হতশ্রী দক্ষিণ আফ্রিকার। ক্যাচ ফেলেছে তারা মোট ৭টি। এর মধ্যে গতকাল প্রথম দিন বিকেলেই ছিল চারটি। আজ আরও তিনটি ক্যাচ ফেলে কিউই ব্যাটসম্যানদের এক প্রকার সহায়তার হাতই বাড়িয়েছিলেন প্রোটিয়ারা। নিকোলসের ক্যাচ পড়েছে দুইবার, একবার তিনি যখন ৫ রানে, আরেকবার ২৪ রানের মাথায়। দুটি জীবন পেয়ে ১৬৩ বলে, ১১ বাউন্ডারিতে ১০৫ রান করেছেন তিনি। কেবল নিকোলসই নয়, দক্ষিণ আফ্রিকা দুইবার ক্যাচ ফেলেছে টিম সাউদিরও। লুঙ্গি এনগিডির অনুপস্থিতিতে কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন আর গ্লেনটন স্টারমানের বোলিং নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের জন্য হুমকি হতে পারেনি। দক্ষিণ আফ্রিকা সমস্যায় পড়েছে বিশেষজ্ঞ স্পিনারের অনুপস্থিতিতেও।
দক্ষিণ আফ্রিকার নখদন্তহীন বোলিংয়ের কারণেই কিনা, নিউজিল্যান্ড রানও তুলেছে বেশ দ্রুতগতিতে। কিউইদের ৩৬৬ রান আসে ৭৮.৫ ওভারে। ওভারপ্রতি সংগ্রহ ছিল ৪.৬৪। কলিন ডি গ্র্যান্ডহোম ও টম বান্ডেলের সপ্তম উইকেট জুটি রান এসেছে রীতিমতো সীমিত ওভার–স্টাইলে—৫.৪৯। দক্ষিণ আফ্রিকার চূড়ান্ত সর্বনাশটা করেন ব্লান্ডেল ও হেনরি জুটি। এ জুটিতে ১০১ বলে ৯৪ রান তুলে নিউজিল্যান্ডের সংগ্রহটাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যান তাঁরা।
দ্বিতীয় দিনের শুরুতেই ওয়াগনার হয়ে উঠেছিলেন বিধ্বংসী। তিনি ৫৬ বলে ৪৯ রান করেন। মারেন ৭ বাউন্ডারি আর ২ ছক্কা। কাগিসো রাবাদা আর স্টারমানকে সাধারণ মানে নামিয়ে এনেছিলেন তিনি। নিজের সংগ্রহটাকে আরও বড় করার সুযোগ ছিল তাঁর সামনে, কিন্তু রাবাদার একটি বলে ডিপ স্কয়ার লেগে রাসি ফর ডার ডুসেনের হাতে ধরা পড়েন । তবে নিকোলসের সঙ্গে জুটি গড়ে নিজের কাজটা ভালো করেছেন। তিনি যখন ফেরেন তখন সকালের সেশনে নিউজিল্যান্ড ৮৬ বলে ৮১ রান তুলেছিল। এর মধ্যে নিকোলসের অবদান ছিল মাত্র ২৩। ওয়াগনর আর নিকোলসের জুটিটি ছিল ১০৭ বলে ৮০ রানের।
এরপর ড্যারিল মিচেলকে নিয়ে পঞ্চম উইকেটে ৪৮ রান যোগ করেন নিকোলস। মিচেল করেন ১৬। টম ব্লান্ডেল নেমে ১৩৮ বলে করেন ৯৬। তাঁর ইনিংসে ছিল ১২টি বাউন্ডারি। ‘নড়বড়ে নব্বইয়ে’ ব্লান্ডেল ফেরেন ইয়ানসেনের বলে উইকেটের পেছনে ভেরিনের হাতে ধরা পড়ে। গ্র্যান্ডহোম খেলেছেন পুরো টি–টোয়েন্টি ইনিংস। ৪৫ রান করেন ৪২ বলে, ৫ বাউন্ডারি ও এক ছক্কায়। ম্যাচ হেনরির সঙ্গে তাঁর জুটিটি ছিল ৯৪ রানের। হেনরি ৬৮ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন। তাঁর রেকর্ডগড়া ইনিংসটিতে ছিল ৮ বাউন্ডারি।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ডুয়ানে অলিভিয়ের সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন, ১০০ রান দিয়ে। শতাধিক রান দিয়েছেন রাবাদা আর স্টারমানও। রাবাদা নিয়েছেন ২ উইকেট, স্টারমান একটি। ইয়ানসেন ২ উইকেট নিয়েছেন ৯৬ রান দিয়ে। এইডেন মার্করাম ৮ ওভারে ২৭ রান দিয়ে তুলে নিয়েছেন ২ উইকেট।