রান পেলেন নাসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাসির হোসেন
নাসির হোসেন

নাসির হোসেন রান পেয়েছেন—বর্তমান প্রেক্ষাপটে এটা একটা বড় খবরই বটে। টেস্ট ও ওয়ানডে দল থেকে বাদ পড়ার ‘ওষুধে ধরা’ প্রতিক্রিয়ায় তাঁর ব্যাট থেকে আজ বেরিয়েছে ৬১ রানের ভালো একটা ইনিংস। বিসিবি একাদশের হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচে মাঠে নেমে বাদ পড়ার খেদটাই হয়তো মাথাচাড়া দিয়ে উঠেছিল তাঁর। তবে রানটা এল বড় দেরি করেই।
জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে তিনি বাংলাদেশ দলে নেই। বছরজুড়ে তাঁর ভয়াবহ বাজে পারফরম্যান্স শেষ পর্যন্ত নির্বাচকদের বাধ্য করেছে কঠিন সিদ্ধান্তটি নিতে। বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে তাঁর বাজে খেলার শুরু। এরপর এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ। গত আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরেও ব্যর্থতার ঘানি টেনেই এসেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে তাই তাঁকে দলে রাখার কোনো কারণ দেখেননি নির্বাচকেরা। ওয়ানডে সিরিজে তাঁর বাদ পড়াটা একটু অবাক করলেও ব্যাপাটা তাঁর ভবিতব্য হিসেবেই ধরে নিয়েছেন সবাই।
ব্যাপারটা তাঁর কাছেও অপ্রত্যাশিত ছিল। দল ঘোষণার দিন এতটাই ‘আপসেট’ ছিলেন যে প্রথম আলো অনলাইনকে সাফ জানিয়ে দিয়েছিলেন, খেলা-সংক্রান্ত কোনো প্রশ্ন না করার জন্য। ব্যাট হাতে একটা যুতসই জবাব দেওয়ার জন্যই হয়তো সেদিন কথা বলতে চাননি। আজ সুযোগ পেয়ে সেটাই করলেন। ব্যাট দিয়েই জানিয়ে দিলেন, আড়াই বা পৌনে তিন বছর ধরে জাতীয় দলের অবিচ্ছেদ্য-অঙ্গ হয়ে যাওয়ার পর বাদ পড়াটা কত কষ্টের।
আজ নাসিরের ৬১ রানের ইনিংসটি এসেছে ৬২ বলে। তিনটি চার ও দুটি ছয়ে সাজানো এই ইনিংস ঠিক ‘নাসির-সুলভ’ না হলেও তাঁর রানে ফেরাটা সব সময়ই স্বস্তির।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠানরত এই ম্যাচে নাসিরের ৬১ রানের পাশাপাশি ৪৯ রান এসেছে আরেক ‘বাদ পড়া’ শামসুর রহমানের ব্যাট থেকে। পাশাপাশি শুভাগত হোমের ৪০ আর চোটের সঙ্গে লড়তে থাকা আবুল হোসেনের ৩৩ রানের সুবাদে জিম্বাবুয়ের বিপক্ষে বিসিবি গড়ে তুলেছে ২৮২ রানের দারুণ এক স্কোর।
২৮৩ রানের লক্ষ্যে খেলতে নেমে জিম্বাবুয়ে ২৩ ওভার শেষে ৯৭ রান তুলতে হারিয়েছে ২ উইকেট। আউট হয়েছেন রেগিস চাকাভা ও ব্রেন্ডন টেলর। বিসিবির পক্ষে দুই উইকেট তুলে নিয়েছেন মোহাম্মদ শহীদ ও মুক্তার আলী। এর আগে জিম্বাবুয়ের পক্ষে বিসিবির চারটি উইকেট তুলে নেন ভুসি সিবান্দা। দুটি করে উইকেট পান নেভিল মাদজিভা ও জন নিউম্বু।
তবে সবকিছু ছাপিয়ে নাসির হোসেনের ৬১ রানই বোধ হয় আজ সবচেয়ে বড় আকর্ষণ।