রান-বন্যার ম্যাচে পাকিস্তানের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় বছর পর দেশের মাটিতে প্রথম ওয়ানডে। উপলক্ষটা পাকিস্তান উদ্যাপন করল জয় দিয়েই। পরশু লাহোরে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেটা ৪১ রানে জিতেছে পাকিস্তান। ছয় বছরের মধ্যে শোয়েব মালিকের প্রথম ওয়ানডে সেঞ্চুরির জবাবে সেঞ্চুরি করেছেন জিম্বাবুয়ের এলটন চিগুম্বুরা। পাকিস্তানের ৩৭১ রানের জবাবে জিম্বাবুয়ে করেছে ৩৩৪।
পাকিস্তানের প্রথম চার ব্যাটসম্যানই খেলেছেন ৭০ ছাড়ানো ইনিংস। ওয়ানডে ক্রিকেটে অভূতপূর্ব এই কীর্তিতেই পাকিস্তানের মাটিতে সর্বোচ্চ ইনিংস গড়ে এই জয়। কৃতিত্বটা সবাইকে ভাগ করে দিলেন অধিনায়ক আজহার আলী, ‘আমাদের শুরুটা ভালো ছিল। মালিকসহ সবাই এই ভিত্তিটাকে কাজে লাগিয়েই বড় সংগ্রহ এনে দলকে জিতিয়েছে।’
প্রতিপক্ষ অধিনায়ক চিগুম্বুরা সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন রান তাড়ায়। ১১ বছর ও ১৭৪ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পাওয়া জিম্বাবুয়ে অধিনায়ক ব্যাটসম্যানদের প্রশংসা করলেও হারের জন্য দুষেছেন বাজে বোলিংকেই, ‘তাড়াটা আমরা ভালোই করেছি, যদিও শেষ সাত ওভারে অতটা আক্রমণাত্মক থাকতে পারিনি। পরের ম্যাচগুলোতে বোলিংয়ে উন্নতি করতেই হবে।’
তবে সিরিজের শেষ দুই ম্যাচে খেলতে পারবেন না জিম্বাবুয়ে অধিনায়ক। প্রথম ম্যাচে স্লো ওভার রেটের কারণে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন চিগুম্বুরা। সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামীকাল।
সেঞ্চুরির পর বল হাতে হ্যামিল্টন মাসাকাদজার উইকেট, শোয়েব মালিককে ম্যাচ সেরার পুরস্কার দিতে ভাবতে হয়নি নির্বাচকদের। দুই বছর পর ওয়ানডে দলে ফিরেই ম্যাচজয়ী পারফরম্যান্স, মালিকের বিশ্বাস আন্তর্জাতিক ক্যারিয়ারটা আরেকটু লম্বাই হলো এতে, ‘এই ধরনের পারফরম্যান্সই আপনার ক্যারিয়ারকে এগিয়ে নেয়। আমার এটা দরকার ছিল, টিম ম্যানেজমেন্টের কারণেই সুযোগটা পেলাম।’ এএফপি, ক্রিকইনফো।