রান বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে ভারত

ভারতের এক সমর্থক কৌতুকটা করেছেন। খোঁচা বলাই ভালো। তাঁর বক্তব্য, বৃষ্টি হওয়াতে পাকিস্তান নাকি খুশি। ভারতের ব্যাটসম্যান যে পাকিস্তানি বোলারদের কাঁদিয়ে ছাড়ছে, বৃষ্টির কারণে সেই চোখের পানি বোঝা যাচ্ছে না!
আজ বেশ কিছুক্ষণ বৃষ্টি হলো, এর বদৌলতে এমন খোঁচা মারার সুযোগ পেলেন সেই সমর্থক। তবে আসল সুযোগ করে দিল দুই ভারতীয় ওপেনার। ২৫ ওভার শেষে ১৩৮ রান তুলে ফেলেছে ভারত। ২৫তম ওভারে এসে তারা দেখা পেল উইকেটের। মাত্রই ফিরলেন শিখর ধাওয়ান, করেছেন ৬৮ রান। রোহিত শর্মা ৬৫ রানে ব্যাট করছেন।
১৩৬ রানের উদ্বোধনী জুটিটা ভেঙেছেন শাদাব খান। তাতে অবশ্য ধাওয়ানের দায়টাই বেশি। মারতে গিয়ে সীমানা প্রান্তে ক্যাচের শিকার হয়েছেন। তবে এর মধ্যেই ভারতের হয়ে পাকিস্তানের বিপক্ষে সেরা ৫ ওপেনিং জুটির একটি হিসেবে নাম লিখিয়ে ফেলেছেন রেকর্ডের পাতায়।
ম্যাচের পরের অংশে বৃষ্টির পূর্বাভাস আছে। ভারতের ইনিংসেও আছে রান–বৃষ্টির পূর্বাভাস।