রান ভালোবাসেন, দৌড় নয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেহজাদ খেললেন তাঁর মতোই এক ইনিংস। ছবি: প্রথম আলো
শেহজাদ খেললেন তাঁর মতোই এক ইনিংস। ছবি: প্রথম আলো

নিজের ওই বিশাল বপুটির কারণেই কি না, আহমেদ শেহজাদ ‘রান’-এ রাজি, দৌড়ে নয়! দৌড়ঝাঁপ না করেই যদি রান তোলা যায়, সেই খাটুনি কে খাটবে! ৫২ বলে ৮০ করেছেন। এর মাত্র ১৮ রান নিয়েছেন দৌড়ে। ২১ বলেই কোনো রান নেননি। টি-টোয়েন্টিতে কোনো ব্যাটসম্যান প্রতিপক্ষকে ২১ বল ডট দেওয়া তো অপরাধ। ​কিন্তু শেহজাদ জন্যই ডট-খুন-মাফ। কারণ যে ৮০ রান করেছেন, এর ৬২-ই যে চার-ছক্কায়!

শেহজাদের এই ইনিংসেই চিটাগং ভাইকিংসকে বিশাল ব্যবধানে হারাল রংপুর রাইডার্স। ৯ উইকেট আর ৩০ বল হাতে রেখে! ১১টি চার ও তিন ছক্কা মেরে অপরাজিত থেকেই ফিরলেন এই আফগান উইকেটকিপার-ব্যাটসম্যান।
রংপুরের আইকন সৌম্য সরকার ২৫ বলে দুই ছক্কা ও এক চারে করেছেন ২৩। মোহাম্মদ মিথুন ১২ রানে অপরাজিত ছিলেন। তাতেই তামিম ইকবালের দলের দেওয়া ১২৫ রানের লক্ষ্য ১৫ ওভারেই ছুঁয়ে ফেলল রংপুর। এত কম রান করে চট্টগ্রামও হয়তো জয়ের আশা করেনি। তবে এমন হালছাড়া লড়াই নিশ্চয়ই ভালো লাগবে না তামিমের। আসলে শেহজাদের দিনে যে বাকিরা অসহায়।
১৮ রানে একবার তাঁর ক্যাচ ফেলেছেন মিলস, শোয়েব মালিকের বলে। ৪১ বলে ফিফটি করা শেহজাদ এরপরই বেশি চড়াও হয়েছেন। এর মধ্যে তাসকিনের করা ১৫তম ওভারের প্রথম চার বলে দুই ছক্কা আর এক চার মেরেছেন। ​
এর আগে মালিকের ৩০ ও এনামুলের ২৫ রানের দুই ইনিংসের পরও ধুঁকতে ধুঁকতে ১২৪ রান করেছিল চট্টগ্রাম। গত ম্যাচে দুর্দান্ত খেলা তামিম আজ ১১ করে বোল্ড হয়েছেন সোহাগ গাজীর বলে। ১৮ রানে ২ উইকেট নিয়েছেন এই স্পিনার। ৩০ রানে ২ উইকেট গ্লিসনেরও। তবে একটি করে উইকেট নিয়েও রানের দিক দিয়ে চট্টগ্রামকে হাঁসফাঁস করিয়েছেন আরাফাত সানি ও শহীদ আফ্রিদি। সানি ৪ ওভারে দিয়েছেন ১৯ রান, আফ্রিদি ১২।
অন্য দিকে তাসকিনের জন্য বিপিএলের প্রথম দুই ম্যাচ বেশ কঠিন পরীক্ষার হয়ে গেল। মোট ৬ ওভারে দিলেন ৬৬ রান!