রান মেশিন হয়ে উঠছেন মুশফিক

গত নভেম্বরের ঘটনা। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছিল বাংলাদেশ। খুলনা টেস্টের দ্বিতীয় ইনিংসে শূন্য রানে ফিরলেন তিনি। প্রথম বলেই, যাকে বলে গোল্ডেন ডাক।
এত কিছু থাকতে সেই শূন্য দিয়ে লেখার শুরু কেন? তাও এমন এক দিনে, যেদিন মুশফিকুর রহিমের ব্যাট থেকে এসেছে দুর্দান্ত এক সেঞ্চুরি।
আসছে, এ কারণেই, সেদিনের শূন্যটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে টানা ৭৩ ইনিংস শূন্য-বিহীন কাটিয়ে দেওয়ার পর প্রথম সেই স্বাদ পাওয়া। বর্তমানে খেলে যাচ্ছেন এমন ক্রিকেটারদের মধ্যে টানা ইনিংসে শূন্য না মারার কৃতিত্বে মুশফিকের ওপরে আছেন কেবল ফ্যাফ ডু প্লেসিস।
মুশফিক মানেই নির্ভরতা। মুশফিক মানে আস্থার প্রতীক। আর এখন তো মুশফিক মানে আশ্চর্য রকমের ধারাবাহিকতা।
২৬ ফেব্রুয়ারি ২০১৪, গত এশিয়া কাপে ভারতের বিপক্ষে দুর্দান্ত এক শতক হাঁকিয়েছিলেন। এরপর চলে গিয়েছে এক বছরের বেশি সময়। এ সময়টাতে খেলেছেন ২১ ওয়ানডে। পারফর্ম করেছেন নিয়মিতই। ফিফটি করেছেন আটটি। কিন্তু সেঞ্চুরিটা কেন যেন হচ্ছিল না।
অতঃপর সেঞ্চুরির দেখা পেলেন বাংলাদেশের অন্যতম ব্যাটিং স্তম্ভ। পাকিস্তানের বিপক্ষে অসাধারণ সেঞ্চুরির পর আবারও বার্তা দিলেন, ‘আমায় রুখবে সাধ্য কার’! অনেক দিন ধরেই বাংলাদেশ দলের ধারাবাহিক পারফরম্যান্সের প্রতিচ্ছবি মুশফিক। সর্বশেষ ১০টি ইনিংস দেখলেই পরিষ্কার হবে বিষয়টি: ১০৬, ২৭, ১৫, ৮৯, ৬০, ৩৬, ৭১, ১১, ৭৭ ও ৩৩। চার ফিফটি, এক সেঞ্চুরিতে রান ৫২৫, গড় ৫২.৫০। বাংলাদেশের হয়ে সমান সংখ্যক ম্যাচে তাঁর ওপরে কেবল মাহমুদউল্লাহ। বিশ্বকাপে দুর্দান্ত খেলা মাহমুদউল্লাহ ১০ ম্যাচে রান ৫৩৬, গড় ৮৯.৩৩।
মুশফিকের ধারাবাহিকতার প্রতিফলন দেখা গেল আজও। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিটা সাজিয়েছিলেন ১৩ চার, ২ ছয়ে। দৃষ্টিনন্দন সব শটে বিমল আনন্দ দিয়েছেন দর্শকদের। কিন্তু ম্যাচের অর্ধেক চিত্রনাট্য এখনো বাকি। বাংলাদেশ দলের বোলারদের ওপর নির্ভর করছে সে গল্পের চূড়ান্ত সমাপ্তি।
এমনিতে মুশফিকুর সেঞ্চুরি-ভাগ্য খুব একটা ভালো নয়। ২০১১ সালের আগস্টে হারারেতে পেয়েছিলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। সে ম্যাচে ১০১ রান করেও দলকে জেতাতে পারেননি। বাংলাদেশ হেরেছিল ৫ রানে। সেঞ্চুরি বিফলে গিয়েছিল ভারতের বিপক্ষেও। ফতুল্লায় সেই ১১৭ রানের অনবদ্য ইনিংসটা ম্লান হয়ে গিয়েছিল বিরাট কোহলির ১৩৬ রানের দুর্দান্ত ইনিংসের কাছে। আজ অপেক্ষা করছে কোন ছবি?
মুশফিকের অপূর্ণতা পূরণ হবে কি না, তা জানে যাবে আরও পরে। ব্যাটসম্যানরা বড় সংগ্রহ এনে দিয়েছেন। এখন মূল দায়িত্ব বোলারদের। আজ দল জিতলে যেমন ব্যর্থ হবে না মুশফিকের সেঞ্চুরি, তেমনি ১৬ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানকে হারানোর অনির্বচনীয় সুখানুভূতি থেকেও বঞ্চিত হবে না বাংলাদেশ।