রানআউটের হ্যাটট্রিকে ম্যাচ শেষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>ফতুল্লা-মিরপুর-বিকেএসপি। ৪৫ কিলোমিটার লম্বা এক রেখার তিন বিন্দুতে তিনটি মাঠ। বল হাতে জাতীয় দলের তিন পেসার। ম্যাচের বাকি একটি বল। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচ তিনটির ভাগ্য নির্ধারিত হবে ওই বলে। তিন ম্যাচেই একই সমীকরণ, জয় পেতে হলে ছক্কা হাঁকাতে হবে ব্যাটসম্যানকে। দৌড় শুরুর আগে তিন পেসারের লক্ষ্যও তাই এক—কোনোভাবেই ছক্কা না খাওয়া। সময় থামিয়ে দেওয়া মুহূর্তকে পাশ কাটিয়ে ছুটে এলেন তিনজন। বোলার-ত্রয়ী পেলেন তিন ধরনের অনুভূতি। ডট, রান আউট, ছক্কা! ঢাকা প্রিমিয়ার লিগে কাল ছিল রোমাঞ্চের দিন।

দু-দুটি একপেশে ম্যাচ দেখার দুঃখ এক ম্যাচেই সুদে-আসলে পুষিয়ে নিল ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম। এই ভেন্যুতে ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের প্রথম দুই ম্যাচে প্রথম ইনিংসেই চূড়ান্ত হয়ে গিয়েছিল ম্যাচের ফল। সেই ফতুল্লাতেই প্রাইম দোলেশ্বর-কলাবাগান ক্রীড়া চক্রের ম্যাচটি পেন্ডুলামের মতো দুলতে দুলতে নিষ্পত্তি হলো ম্যাচের শেষ বলে।
শেষ বলের এই রোমাঞ্চে শেষ পর্যন্ত ৪ রানে জয়ী বুড়িগঙ্গার ওপারের দল দোলেশ্বর। শেষ বলটায় ‘জাভেদ মিয়াঁদাদ’ হতে পারতেন মাশরাফি বিন মুর্তজা। সমীকরণটা যে ছিল ১ বলে ৬ রানের। কলাবাগান অধিনায়ক মিয়াঁদাদ হতে পারেননি, দ্বিতীয় রান নিতে গিয়ে হয়েছেন রানআউট। আর তাতেই কলাবাগানের স্কোরকার্ডের শেষ অংশটা হয়েছে অদ্ভুতুড়ে। শেষ তিন বলেই যে রানআউট মাশরাফির দলের তিন ব্যাটসম্যান! কাকতালীয়ভাবে তিনবারই দ্বিতীয় রান নিতে গিয়ে!
দ্বিতীয় রানের জন্য মরিয়া না হয়ে অবশ্য উপায়ও ছিল না। ৬ বলে ৯ রানের সমীকরণ নিয়ে শুরু হয়েছিল শেষ ওভার। প্রথম ৩ বলে কলাবাগান নিতে পেরেছে মাত্র ১ রান। প্রথম ৮ ওভারে ৫২ রান দিয়েছিলেন যে আল আমিন, তিনিই সেরা ওভারটা করলেন ম্যাচের শেষ ওভারে। ওভারের শুরুতে আল আমিনের জন্য অপেক্ষা করছিলেন ৮৪ বলে ৮৫ রান করে কলাবাগানকে জয়ের স্বপ্ন দেখানো মেহরাব হোসেন জুনিয়র।
অপেক্ষাটা মধুর হতে দিলেন না আল আমিন। প্রথম দুটি বলই জায়গামতো পড়ে মেহরাবের ব্যাটকে ফাঁকি দিয়ে বল চলে গেল উইকেটকিপারের হাতে। তৃতীয় বলটাকে মিড অফে ঠেলে মেহরাব ১ রান নিতেই স্ট্রাইকে মাশরাফি। ৩ বলে ৮ রান, এই সমীকরণে দাঁড়িয়ে এরপর রানআউটের ওই হ্যাটট্রিক।
নির্ভেজাল ব্যাটিং স্বর্গ উইকেটে জয়ের জন্য ২৮৮ রানের লক্ষ্য পেয়েছিল কলাবাগান। দুই ওপেনার সাদমান ও জসিমউদ্দিন ১২.১ ওভারেই তুলে ফেলেন ৫৭ রান। রানটা ৮৩ হতেই উইকেটের ঘরে বসে যায় ‘৩’ সংখ্যাটা। মেহরাব উইকেটে আসেন এই সময়েই। প্রথমে তাসামুলকে নিয়ে ৫৮ রান ও পরে ষষ্ঠ উইকেটে তানভীর হায়দারকে নিয়ে ১০৪ রানের জুটি গড়ে দলকে দেখান জয়ের স্বপ্ন।
এর আগে দোলেশ্বরের ইনিংসটা দাঁড়িয়েছে ইমতিয়াজ, নাসির ও ফরহাদ রেজার দারুণ তিন ইনিংসে ভর করে। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ওপেনার ইমতিয়াজ এবার করেছেন ৮১ বলে ৭৩। নাসির হোসেন ফিরেছেন ৭৫ বলে ১১ চার ও ১ ছয়ে ৯৭ রানের দারুণ এক ইনিংস খেলে। অধিনায়ক রেজা ৩৮ বলে করেছেন ৪৭।
গত কিছুদিন যাঁকে নিয়ে নানা প্রশ্ন, সেই নাসির ইনিংসের শুরু থেকেই দারুণ সব শট খেলেছেন। রানে ফেরার আনন্দ এমনই যে একটুর জন্য সেঞ্চুরি মিস করার দুঃখও স্পর্শ করতে পারেনি তাঁকে। দল জিতেছে, এটাকেই বড় পাওয়া মনে হচ্ছিল তাঁর কাছে। সঙ্গে হাতে ম্যাচসেরার ট্রফিটা তো ছিলই।
সংক্ষিপ্ত স্কোর
দোলেশ্বর: ৫০ ওভারে ২৮৭/৮ (নাসির ৯৭, ইমতিয়াজ ৭৩, রেজা ৪৭, রকিবুল ৩৪; মাশরাফি ৩/৫০, রাজ্জাক ২/৩২, সাব্বির ২/৬৩)। কলাবাগান: ৫০ ওভারে ২৮৩/৯ (মেহরাব ৮৬, জসিমউদ্দিন ৪৫, তাসামুল ৪৪, তানভীর ৪৪; রাহাতুল ৩/৪০, রেজা ১/৮০)।
ফল: দোলেশ্বর ৪ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: নাসির হোসেন।