রানটা কি কমই হয়ে গেল বাংলাদেশের?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের রানটা আরও বড়ই হতে পারত। ছবি: বিসিবি
বাংলাদেশের রানটা আরও বড়ই হতে পারত। ছবি: বিসিবি

প্রকৃতি যেন উদার হাতে সাজিয়েছে সবকিছু। ভেজা মেঘের তুলো, শ্বেতশুভ্র হিমালয়ের চূড়া। নীল আকাশ। সেই এক টুকরো স্বর্গ! বিশ্বের সবচেয়ে সুন্দর ক্রিকেট স্টেডিয়ামগুলোর একটি এই ধর্মশালা রান দেওয়ার ক্ষেত্রেও যেন উদার। আর এই মাঠে আজ বাংলাদেশ তুলল ৭ উইকেটে ১৫৩। টি-টোয়েন্টি বিবেচনায় মন্দ স্কোর নয়। তবে এই মাঠের রেকর্ড বিবেচনায় অবশ্যই স্কোরটা বেশ কম।

২০১৩ সালের জানুয়ারিতে প্রথম এ মাঠে প্রথম আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল। সেই ম্যাচটাই কেবল ব্যতিক্রম। কিন্তু এরপর ২০১৪ সালের অক্টোবরে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডেতে উঠেছিল ৬০১ রান। গত অক্টোবরে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম এ মাঠে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিল। সেই ম্যাচে ভারতের দেওয়া ২০০ রানের লক্ষ্য প্রোটিয়ারা বেশ অনায়াসেই ছুঁয়েছিল।
আন্তর্জাতিক ম্যাচ বলেই নয়, ২০১০ আইপিএল থেকে এ মাঠে নিয়মিত ক্রিকেট হচ্ছে। সেবার এ মাঠের প্রথম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের ১৭৪ রান ডেকান চার্জার্স পেরিয়ে গিয়েছিল অনায়াসে। দুই ইনিংস মিলিয়ে উঠেছিল ৩৫২ রান। এ মাঠের দ্বিতীয় ম্যাচটি হয়েছিল আরও রানপ্রসবা। পাঞ্জাব ১৯২ করেও রক্ষা পায়নি। ১৯৫ করে জিতেছিল চেন্নাই সুপার কিংস। পরের মৌসুমে এ মাঠে ২ উইকেটে ২৩২ রান তুলেছিল পাঞ্জাব। চার দিন পর ডেকান চার্জার্স করেছিল ১৯৮।
২০১২ মৌসুমে অবশ্য এ মাঠের ম্যাচ দুটিতে ভালো রান ওঠেনি। ২০১৩ মৌসুমেও ১৭০ কিংবা ১৮০‍‍‍+ স্কোর উঠেছে এ মাঠে। ২০১৪ ও ২০১৫ মৌসুমে এ মাঠে কোনো ম্যাচ হয়নি।
সেই হিসাবে ১৫৪ রানের লক্ষ্য হয়তো সহজ নয়। এ আগে এই হল্যান্ডই ২০০৯ বিশ্বকাপে পরে ব্যাট করে ১৬৪ রান তুলে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে চমকে দিয়েছিল। আগের ৩৮টি টি-টোয়েন্টি ইনিংসের ১১টিতেই ১৫০ কিংবা এর বেশি করেছে। এখানেও হল্যান্ডের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ মেলে। তবে বাংলাদেশের বড় শক্তি এখন বোলিং। এই বোলিংয়ে বড় দলগুলোও কাঁপছে।
তা ছাড়া আজকের উইকেটও অত সহজ নয়। এবার বোলারদের কাজ। তবে টানা ক্রিকেটের মধ্যে থাকা বাংলাদেশের ভ্রমণক্লান্তি আর প্রথম ম্যাচের ‘হিক্কা’ তো আছেই। তবে হল্যান্ডকে নিয়ে ভয় পাওয়ার দিন বাংলাদেশ পেরিয়ে গেছে সেই কবেই!