
বাংলাদেশের বিপক্ষে এক ইনিংসে পাঁচ ব্যাটসম্যানের সেঞ্চুরি আছে। তবে এক ইনিংসে বাংলাদেশের পাঁচ বোলারের ‘সেঞ্চুরি’ এই প্রথম।
পাঁচ নিয়মিত বোলারের প্রত্যেকেই এক শ বা এর বেশি রান দিলেন। এরপর প্রতিপক্ষের ছয় শর বেশি রান না তোলাটাই আশ্চর্য হতো। চাইলে ভারত সাত শও করতে পারত। কে জানে, হয়তো আরও বেশি!
বাংলাদেশকে শেষ বিকেলে ব্যাটিংয়ে নামাতে বিরাট কোহলি ৬ উইকেটে ৬৮৭ রানে ইনিংস ঘোষণা করে দিলেন। ১৪ ওভার বোলিং করার সুযোগ পেলেন তাঁর বোলাররা। এর মধ্যেই সৌম্য সরকারের উইকেটটি তুলে নিতে পারায় দিনটি যাকে বলে পরিপূর্ণ সুন্দর হয়ে রইল ভারতের জন্য।
ভারতকে আবারও ব্যাট করাতেই বাংলাদেশকে করতে হবে ৪৮৮ রান। ভারতের বিপক্ষে এত রান কখনোই করেনি বাংলাদেশ। চার শই করেছে মাত্র একবার। সেটি সেই অভিষেক টেস্ট ম্যাচে। আগে পারেনি বলে এখনো পারবে না, এমন কোনো কথা নেই। তবে সে জন্য বাংলাদেশকে খুব, খুব ভালো ব্যাটিং করতে হবে।
উইকেট কালই মাঝেমধ্যে যথেষ্ট স্পিনপ্রীতি দেখিয়েছে। মিরাজ আর তাইজুলের বেশ কিছু বল বড় টার্ন করেছে, তৃতীয় দিনে রবিচন্দ্রন অশ্বিন তাই অবশ্যই বলকে কথা বলাবেন। আজ পুরোটা দিন ব্যাটিং করতে পারলেই শুধু এই ম্যাচ বাঁচানোর আশা থাকবে। আশা বলতে, সম্ভাবনা আর কী! একটা পুরো দিন ব্যাটিং করতে না পারলে অবশ্য টেস্ট ম্যাচ ড্র করার আশাই করা উচিত নয়।
অশ্বিনের কথা বলা হলো, রবীন্দ্র জাদেজার কথাও বলা উচিত। আইসিসির টেস্ট বোলারদের র্যাঙ্কিংটা যদি দেখেন, তাহলে বুঝবেন এই টেস্টটা শীর্ষস্থান নিয়ে ভারতের দুই স্পিনারের লড়াই-ও বটে। অশ্বিনের চেয়ে মাত্র ৮ পয়েন্ট পিছিয়ে জাদেজা। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট ম্যাচে যিনি অশ্বিনকেও ছাপিয়ে গেছেন।
এই টেস্টটাকে টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের লড়াই-ও ধরতে পারেন। যেখানে অশ্বিন ও জাদেজার মাঝখানে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। বোলিংয়ে একটাও উইকেট না পেয়ে যে লড়াইয়ের প্রথম পর্বে একটু পিছিয়েই পড়েছেন সাকিব। ব্যাটিংয়ে যদি তা পুষিয়ে দেন!
মাত্র এক টেস্ট আগেই ডাবল সেঞ্চুরি করেছেন। কাল বিরাট কোহলির ডাবল সেঞ্চুরি দেখে সেই স্মৃতি জেগে না উঠে পারেই না। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের তিন টেস্ট ডাবল সেঞ্চুরিয়ানই আছেন এখানে। মুশফিকুর রহিম, তামিম ইকবালের মতো সাকিবও বোধ হয় এতক্ষণে জেনে গেছেন, কোহলি কী কীর্তিটাই না গড়েছেন!
বাংলাদেশের তিনজনের তিনটি ডাবল সেঞ্চুরি। আর কোহলির একারই চারটি। সেই চারটিও আবার পরপর চার সিরিজে। ক্রিকেট ইতিহাসে যেটির আর কোনো নজির নেই। নজির নেই পরপর তিন ইনিংসে কোনো দলের ছয় শর বেশি রান করারও। যেটি করে ফেলল ভারত। ইংল্যান্ডের বিপক্ষে মুম্বাই ও চেন্নাইয়ে ৬৩১ ও ৭ উইকেটে ৭৫৯ রানের পর কালকের ৬ উইকেটে ৬৮৭। ‘ফ্যাবিউলাস ফাইভ’-এর সময়েও যা করতে পারেনি ভারত।
বীরেন্দর শেবাগ, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী ও ভেঙ্কট লক্ষ্মণ মিলে ওই ‘ফ্যাবিউলাস ফাইভ’। যে সময়টাকে ধরা হয় ভারতীয় ব্যাটিংয়ের স্বর্ণযুগ। সেই সময়েও যা হয়নি, সেটিই করে ফেলল কোহলির ভারত।
সামনে থেকে যে অভিযাত্রায় নেতৃত্ব দিলেন কোহলি নিজেই। তবে মনে প্রশ্ন জাগছেই, উইকেটের পেছনে মুশফিকুর রহিম অমন অবিশ্বাস্য ব্যর্থতার প্রদর্শনী সাজিয়ে না বসলে রেকর্ডটা কি হতো? সম্ভবত ক্রিকেট ইতিহাসের সহজতম স্টাম্পিংটি যখন মিস করলেন মুশফিক, ঋদ্ধিমান সাহার রান তখন মাত্র ৪। ইনিংস ঘোষণা করার সময় সেই তিনিই অপরাজিত ক্যারিয়ার-সর্বোচ্চ ১০৬ রানে।
মুশফিকুর রহিম কিপিং করতে ভালোবাসেন। তাঁর মতো একজন ব্যাটসম্যান কিপার হিসেবে থাকলে দল সাজাতেও দারুণ সুবিধা। কিন্তু এ সবকিছুর পরও উইকেটকিপিং দক্ষতাটা বিবেচনায় নেওয়ার সময় বোধ হয় এসে গেছে। বাংলাদেশের মতো দলের আউট করার সুযোগ পেয়েও তা নষ্ট করার বিলাসিতা সাজে না। কিপিং না করলে ব্যাটসম্যান হিসেবেও সম্ভবত মুশফিকের কাছ থেকে আরও বেশি পাবে বাংলাদেশ। ক্রিকেট ইতিহাসের যেসব উইকেটকিপার কিপিংয়ের চেয়ে ব্যাটিংয়ে ভালো ছিলেন, তাঁদের ক্যারিয়ার তো এমনই বলে।
টানা দ্বিতীয় দিনের মতো বাংলাদেশের বোলারদের যে হাড়ভাঙা এবং কখনো কখনো মনভাঙা খাটুনি গেল; তার মধ্যেও একটু আলাদা করে রাখতে হচ্ছে তাইজুল ইসলামকে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সেরা বোলিং তাঁর। তারপরও আলাদা কোনো গ্ল্যামার নেই। দুই স্পিনার খেলালেই বাদ পড়ে যান। কথাবার্তায়, চেহারাছবিতে গ্ল্যামারহীন সেই তাইজুল এই ইনিংসে বাংলাদেশের সেরা বোলার। এমনকি সেটি ১৫৬ রান দেওয়ার পরও! সবচেয়ে বেশি, ৪৭ ওভার বোলিং করেছেন। নিয়মিত বোলারদের মধ্যে ওভারপ্রতি রান তাঁরই সবচেয়ে কম। উইকেট নেওয়ার দিক থেকেও সফলতম। সেই ৩টি উইকেটও কী! মুরালি বিজয়, অজিঙ্কা রাহানে ও বিরাট কোহলি। রাহানের উইকেটটার জন্য অবশ্য মিরাজকে তাইজুলের খাওয়ানো উচিত। কী ক্যাচটাই না নিয়েছেন মিরাজ!
কাল ১৭ ওভারের টানা স্পেলে রাহানে ও কোহলিকে তুলে নিলেন তাইজুল। গ্ল্যামারে পিছিয়ে, কিন্তু কার্যকারিতায় এগিয়ে থাকা এই বাঁহাতি স্পিনার বাংলাদেশের বাকি খেলোয়াড়দের জন্য আদর্শ হতে পারেন। তাইজুলের সঙ্গে কথা না বলেও আপাতত তাঁর একমাত্র চাওয়াটাও অনুমান করে নেওয়া যাচ্ছে। আরেকবার কোহলিদের বোলিং করার সুযোগ।
তামিম-সাকিব-মুশফিকরা কি পূরণ করতে পারবেন তাইজুলের চাওয়াটা? এই টেস্টের ভবিষ্যৎও লুকিয়ে এই প্রশ্নেই।