রানরেট বাড়াতে গিয়ে সেঞ্চুরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমন একটা কীর্তি, তার কিনা এমন উদ্যাপন!
কলাবাগানের ইনিংসের ৪৮তম ওভারের শেষ বল। শেখ জামালের বাঁহাতি স্পিনার ওয়াহিদুল আলমকে লং অন দিয়ে বিশাল এক ছক্কা মেরেই সেঞ্চুরি ছুঁয়ে ফেললেন মাশরাফি বিন মুর্তজা। লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি—বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়কের জন্য এটি তো বিশেষ মুহূর্ত হবেই! আর সেঞ্চুরিটাও করেছেন মাত্র ৫০ বল খেলে। লিস্ট ‘এ’ ম্যাচে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের দ্রুততম সেঞ্চুরি। আর তাঁর উদ্যাপনে কিনা ঠিকঠাক ব্যাটটা তুললেনও না কলাবাগান অধিনায়ক!
মাশরাফি অবশ্য বলতে পারেন কী এমন করেছি যে আবেগে ভাসতে হবে! সেটা বললেও তাঁকে দোষ দেওয়া যেত না। কী অবলীলায় ছক্কাগুলো মেরেছেন, যেন ছক্কা মারা পৃথিবীর সবচেয়ে সহজ কাজ।
ওয়াহিদুলের করা ৪৮তম ওভারের প্রথম তিন বলেও টানা ছক্কা হাঁকিয়েছিলেন মাশরাফি। সব মিলিয়ে তাঁর ৫১ বলের ১০৪ রানের ইনিংসে ছক্কা ১১টি, সঙ্গে চার মাত্র দুটি। ৩৬তম ওভারে যখন উইকেটে আসেন মাশরাফি তাঁর জন্য মঞ্চ প্রস্তুত করেই রেখেছিলেন সতীর্থরা। স্কোরকার্ডে তখন ৪ উইকেটে ১৬৯ রান। মুখোমুখি হওয়া প্রথম তিন বলে কোনো রান নেই, শুরুটা করলেন ধীরস্থিরভাবেই। মাশরাফি প্রথম রানটা নিলেন ৩৭তম ওভারের দ্বিতীয় বলে বাঁহাতি স্পিনার নাজমুস সাদাতকে কভার ড্রাইভে চার মেরে। পরের বলেই মিড উইকেট দিয়ে ছক্কা। সেই শুরু, ৩৫ বলে প্রথম ফিফটি করা মাশরাফি ফিরলেন ৪৯তম ওভারের দ্বিতীয় বলে শর্ট ফাইন লেগে ক্যাচ দিয়ে।
এর আগে ফতুল্লার নিখাদ ব্যাটিং উইকেটে শেখ জামালের বোলারদের কাঁদিয়ে ১১টি ছক্কা, যার ৮টি অনসাইডে, ২টি লং অফে ও অন্যটি বোলারের মাথার ওপর দিয়ে। ম্যাচ শেষে মুঠোফোনে মাশরাফি সেরা ছক্কা হিসেবে বেছে নিলেন ৪৬তম ওভারের শেষ বলে পেসার মুক্তার আলীর মাথার ওপর দিয়ে মারা ছক্কাটিকেই।
ম্যাচের পরে সেঞ্চুরির চেয়ে দলের জয়টাকেই বড় করে দেখলেন মাশরাফি, ‘সেঞ্চুরি করে অবশ্যই ভালো লাগছে। তবে বেশি ভালো লাগছে দল জিতেছে বলে।’ অধিনায়ক সেটা বলতেই পারেন, কারণ লিগে প্রথম পাঁচ ম্যাচের চারটিতেই কিন্তু হেরেছে তাঁর দল। সুপার লিগে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয় ছাড়া আর উপায় কী!
সেই স্বপ্ন বাঁচাতেই দলের রানরেট বাড়িয়ে নিতে মেরে খেলার কথা ভেবে উইকেটে আসেন মাশরাফি। আর তাতে ১০০-তে পুরোপুরি ১০০ নিয়েই ফিরলেন। উইকেটটা একটু সহজই ছিল, কিন্তু শেখ জামালের বোলিং লাইনআপটা দেখুন। শফিউল ইসলাম, সোহাগ গাজী, মুক্তার আলী, মাহমুদউল্লাহ, আরাফাত সানি—প্রায় বাংলাদেশ দলই বলা চলে। এঁদের মধ্যে মাশরাফির হাত থেকে বাঁচলেন শুধু আরাফাত সানি। বোলিং অ্যাকশন নিষিদ্ধ হওয়ার পর কালই প্রথম খেলতে নামা বাঁহাতি স্পিনারের ১০ ওভারের কোটা যে শেষ মাশরাফির ক্রিজে আসার আগেই।