রানাতুঙ্গার চোখে টেস্টের ভবিষ্যৎ 'অন্ধকার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্টের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন রানাতুঙ্গা। ফাইল ছবি
টেস্টের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন রানাতুঙ্গা। ফাইল ছবি

সমীকরণটা এমন, কলম্বো টেস্টে শ্রীলঙ্কা-ভারত যে দলই জিতবে, তাদের হাতে উঠবে সিরিজ জয়ের ট্রফি। রীতিমতো ফাইনালে রূপ নেওয়া এ টেস্টে শিহরণ-রোমাঞ্চ যা-ই হোক না কেন, গ্যালারির চিত্র যথেষ্ট হতাশাজনক। ক্রিকেটের বড় দৈর্ঘ্যে গ্যালারি খাঁ-খাঁ দৃশ্য অবশ্য নতুন নয়। শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা এর জন্য দায়ী করেন খোদ আইসিসিকেই। একই সঙ্গে টেস্টের ভবিষ্যৎও ‘অন্ধকার’ দেখছেন লঙ্কান কিংবদন্তি।
কলম্বোর কথা বাদ দিন। যে মাঠে বিদায় নিলেন কুমার সাঙ্গাকারা, সেই পি সারা ওভালের সাত হাজার আসন পূর্ণ হয়নি অধিকাংশ দিন। টেস্ট ক্রিকেটে দর্শকের এ নিদারুণ খরায় আইসিসির দিকেই তির ছুড়লেন রানাতুঙ্গা, ‘শীর্ষ দুটি দল খেলছে। বেশ রোমাঞ্চকর ক্রিকেটও হচ্ছে। অথচ এখনো পর্যাপ্ত দর্শক মাঠে আসেনি। টেস্ট ক্রিকেট রক্ষায় বর্তমান আইসিসি প্রশাসন আদৌ উদ্যোগ নিচ্ছে কিনা আমি সন্দিহান। এরা টাকা কামানো ছাড়া আর কিছুই জানে না। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে যেহেতু বেশি টাকা তাই আইসিসির সব চিন্তা ছোট দুটি ফরম্যাটকে ঘিরেই।’ টেস্ট বাঁচাতে আইসিসি খুব শিগগির উদ্যোগ না নিলে টেস্টের ভবিষ্যৎ অন্ধকারই দেখছেন সাবেক লঙ্কান অধিনায়ক, ‘খুব শিগগির আইসিসি যদি এ মানসিকতা পরিবর্তন না করে টেস্ট তো বটেই ক্রিকেটেরই ভবিষ্যৎ​ অন্ধকার দেখি আমি।’
সাম্প্রতিক সময়ে বেশির ভাগ সিরিজে সফরকারী দল ভিন্ন কন্ডিশনে খাবি খাচ্ছে। বড় ব্যবধানে ম্যাচও হারছে। এর কারণ হিসেবে রানাতুঙ্গা বললেন ক্রিকেট বোর্ডগুলোর তাড়াহুড়োর কথা, ‘বেশির ভাগ ক্রিকেট বোর্ডই দ্রুত সফর শেষ করতে চায়। এ কারণে দলগুলো যথেষ্ট প্রস্তুতি ম্যাচ খেলে না। আর তাতে বিরুদ্ধ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারে না। সে কারণে এখন একপেশে টেস্ট সিরিজের সংখ্যা এত বেশি।’
ইদানীং টেস্ট পঞ্চম দিনেও গড়াচ্ছে কম। এর পেছনে ব্যাটসম্যানদের টেকনিকে বড় ধরনের গলদ দেখছেন রানাতুঙ্গা, ‘ব্যাটসম্যানদের টেকনিকেও যথেষ্ট অবনতি। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মতো কিছু দল বাদ দিলে বেশির ভাগ দলই মনোযোগী ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে। এ কারণে টেস্টে ব্যাটসম্যানদের দ্রুত পড়ে ফেলতে পারছে বোলাররা।’ তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া।