রানাতুঙ্গার এমন হার!

১৯৯৬ সালে শ্রীলঙ্কাকে ওয়ানডে বিশ্বকাপ জিতিয়েছেন। লঙ্কান ক্রিকেট আরেকটি যুগে পৌঁছেছে তাঁর অবিসংবাদিত ভূমিকার সৌজন্যে। তাই বলে অর্জুনা রানাতুঙ্গাকে যদি শ্রীলঙ্কান ক্রিকেটের সর্বেসর্বা হিসেবে মনে করেন, ভুল করবেন। দেশটির ক্রিকেটের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হতে পারেন, কিন্তু ক্রিকেট রাজনীতিতে তাঁকে আরও পথ পাড়ি দিতে হবে। সেটা বোঝা গেল শ্রীলঙ্কান ক্রিকেটের (এসএলসি) নির্বাচনেই।
সেখানে সহ সভাপতি পদে নির্বাচন করে শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন জয়াসুরিয়া-ডি সিলভা-মুরালিদের ‘আইয়া’—রানাতুঙ্গা। এই মুহূর্তে শ্রীলঙ্কান সরকারের নৌপরিবহন ও বন্দর মন্ত্রীর দায়িত্ব পালন করা রানাতুঙ্গার ভাই নিশান্থাও হেরেছেন বড় ব্যবধানে। রানাতুঙ্গা ভাইদের ‘ভূমিধস’ পরাজয় দেখা গেল আজ এসএলসির বহুল-আলোচিত নির্বাচনে।
৮৮ ভোট পেয়ে এসএলসির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন থিলাঙ্গা সুমাথিপালা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুমাথিপালার প্যানেলের মোহন ডি সিলভা। সভাপতি পদে সুমাথিপালার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ৫৬ ভোট পেয়ে হেরেছেন রানাতুঙ্গারই ভাই নিশান্থা, আগের বোর্ডের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। সহ সভাপতি পদে জয়ান্তা ধর্মদাসার বিরুদ্ধে ২২ ভোটের ব্যবধানে হেরেছেন অর্জুনা। এ নিয়ে তৃতীয়বারের মতো এসএলসির সভাপতি পদে বসতে যাচ্ছেন শ্রীলঙ্কান পার্লামেন্টের বর্তমান ডেপুটি স্পিকার সুমাথিপালা।
গত বছর মার্চে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আগের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে দেশটির সরকার। মাঝখানে অন্তর্বর্তী আহ্বায়ক কমিটি দিয়ে চলছিল দ্বীপরাষ্ট্রের ক্রিকেট প্রশাসন। নির্বাচিত কমিটি ভেঙে দেওয়ার পর থেকেই শ্রীলঙ্কার ক্রিকেট প্রশাসনে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রবল চাপ ছিল আইসিসির। অবশেষে আজ হয়ে গেল সেই নির্বাচন। তাতে শুধু হারেননি, বড় ব্যবধানেই পরাজয় মেনে নিতে হয়েছে লঙ্কান ক্রিকেটে হার না-মানার তেজ এনে দিয়েছিলেন যিনি। সূত্র: এনডিটিভি অনলাইন।