রানে ফিরতে মরিয়া মুশফিক
বাংলাদেশ দলের অনুশীলন শুরু হয়েছে দুপুর আড়াইটায়। কিন্তু মিরপুরের ইনডোর ব্যস্ত হয়ে উঠেছিল তারও ঘণ্টা দুয়েক আগে থেকেই। কখনো বোলিং মেশিন ছুড়ে যাচ্ছে বল, কখনো থ্রো করছে টিম বয়। অপর প্রান্তে ব্যাটসম্যান একজনই—মুশফিকুর রহিম।
টেস্টের পারফরম্যান্স ভালো যাচ্ছে না। সর্বশেষ ফিফটি ১০ ইনিংস আগে। তবে পাকিস্তানের বিপক্ষে গত সিরিজের ইনিংসগুলোই (১০৬, ৬৫ ও ৪৯*) জানিয়ে দিচ্ছে ওয়ানডের ফর্মটা কী দুর্দান্ত! তারপরও টেস্টের হতাশাই যেন ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে ক্ষুধা বাড়িয়ে দিচ্ছে মুশফিকের। কাল তাই দলের আগেই একা চলে গেলেন মাঠে। টানা দেড় ঘণ্টার মতো ব্যাটিং অনুশীলন চলল ইনডোরে, যার একটা গুরুত্বপূর্ণ পর্বে মুশফিকের সঙ্গী হলেন বিসিবির ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুল আবেদীনও। বিকেএসপিতে একসময় তাঁর ছাত্র ছিলেন। সে অধিকারেই নাজমুল আবেদীনকে ইনডোরে যেতে অনুরোধ জানান মুশফিক।
অনুশীলনের শুরুর অংশটা ছিল অদ্ভুত। বল ছোড়ার আগ পর্যন্ত মুশফিক ব্যাট হাতে দাঁড়াচ্ছিলেন বোলিং মেশিন আর টিম বয়ের দিকে পিঠ ফিরিয়ে। তার মানে বল ছোড়ার আগ মুহূর্তেও তিনি মেশিন বা বোলারকে দেখতে পাচ্ছিলেন না। বল ছোড়ার মুহূর্তে টিম বয় ‘ইয়েস’ বলে চিৎকার করতেই পুরো ঘুরে যাচ্ছিলেন। ডেলিভারির মুহূর্তে বোলারকে বা বল কোথায় পড়ছে সেটা না দেখে দ্রুত নিজের অবস্থান ঠিক করতে হচ্ছিল। শুরুর দিকে বেশ কয়েকবার অস্বস্তি পড়তে হয়েছে। একবার তো বল এসে লাগল হেলমেটেও। তবে যতই সময় গেছে, দ্রুত থেকে দ্রুততর হয়েছে মুশফিকের প্রতিবর্তী ক্রিয়া। অনুশীলনটার উদ্দেশ্যও ছিল তা-ই। মুঠোফোনে কাল মুশফিকই বললেন, ‘একদমই নতুন একটা অনুশীলন করলাম। টাইমিং, ভারসাম্য, শরীরের অবস্থান—এসব ঠিক করতে কাজে দেয় এটা।’
ব্যতিক্রমী ‘ড্রিলে’র একই ব্যাখ্যা দিলেন নাজমুল আবেদীনও, ‘বল না দেখেই নিজের অবস্থানে চলে যেতে হচ্ছে বলে কাজটা দ্রুততম সময়ের মধ্যে করতে হচ্ছে। এতে ব্যাটিংটা হয়ে যায় সহজাত প্রবৃত্তির মতো।’ নাজমুল আবেদীনের মতে ফর্ম ভালো না গেলে ব্যাটসম্যানদের শরীরে ভর করা জড়তা দূর হয়ে যায় এই অনুশীলনে। ফিরে আসে ভালো খেলার অনুভূতি, আত্মবিশ্বাসও। মুশফিকের জন্য তাঁর পুরোনো গুরুর পরামর্শ আছে আরও একটা, ‘অনেকে টেস্ট আর ওয়ানডেতে দুই ধরনের ব্যাটিং করার চেষ্টা করে। আমি মনে করি, এটা ভুল। যা একজন ব্যাটসম্যানের স্বাভাবিক ব্যাটিং, সব ধরনের ক্রিকেটেই তাই করা উচিত। অন্য কিছু করতে গেলেই নতুন করে অভ্যস্ত হওয়ার ব্যাপার চলে আসে।’
মুশফিক অবশ্য কাল ‘নতুন’ আরও একটা কাজ করেছেন। নতুন মানে গত কিছুদিনের মধ্যে ‘নতুন’। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর প্রথম উইকেটকিপিং অনুশীলন করলেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। কিপিং করলে ব্যথা বেড়ে যাওয়ার যে ভয়টা ছিল, সেটা সত্যি হয়নি। আগামী পরশু প্রথম ম্যাচের আগে আর কোনো সমস্যা না হলে হয়তো ওয়ানডে সিরিজেই আবার কিপিংয়ে ফিরবেন মুশফিক।
ফতুল্লায় টেস্ট অভিষিক্ত লিটন কুমার দাস ওয়ানডে খেললে তখন খেলবেন শুধু ব্যাটসম্যান হিসেবে। প্রথম টেস্টের পারফরম্যান্স অবশ্য লিটনকে আত্মবিশ্বাসী করে তুলেছে যেকোনো কিছুর জন্যই। কাল যেমন বললেন, ‘সুযোগ পেলে দলকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। ব্যাটিং-বোলিং যেটাই করি না কেন, এক শ ভাগ দিয়ে খেলব।’ টেস্টে বড় ইনিংস খেলে ফলোঅন এড়ানোর লক্ষ্য ছিল। সেটা না পারায় আফসোস থাকলেও লিটনের বিশ্বাস, সামর্থ্যের পুরোটা দিয়ে খেলতে পারলে ভারতের বিপক্ষে ওয়ানডেতে বড় সাফল্যও সম্ভব।
বাংলাদেশ দলের উজ্জীবিত হওয়ার মতো আরেকটা খবর—মোটামুটি সুস্থ হয়ে মাঠে ফিরেছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কাল প্রথম দিনের অনুশীলনে বল করলেন ৬ ওভার। ডান হাতের তালুর জখমে এখনো ব্যান্ডেজ থাকলেও সেটা বল ধরায় বাধা হচ্ছে না। আর হলেও কি? চোট-জখম নিয়েই যার এত দিনের পথচলা, সামান্য পথদুর্ঘটনা কতটুকুই বা আর কাঁপাবে তাঁকে! বরং মাশরাফির কথাই বলে দিচ্ছে, খেলার জন্য কতটা মরিয়া তিনি, ‘বোলিংয়ে কোনো সমস্যা হচ্ছে না। তবে ব্যাটিংয়ে একটু সমস্যা এখনো আছে। তারপরও ঝুঁকিটা নিয়ে নিচ্ছি।’
মাশরাফি যেমন টেস্ট দলে না থেকেও ওয়ানডে অধিনায়ক, ভারতের মহেন্দ্র সিং ধোনিও এখন তা-ই। ওয়ানডে দলের আরও সাত সতীর্থকে নিয়ে কাল বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকায় নেমেছেন ধোনি। আর ভারতের টেস্ট দল থেকে ফিরে গেছেন সাত ক্রিকেটার।