রানে ফিরে সিরিজই জেতালেন ওয়ার্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভিড ওয়ার্নার: আরেকটি সেঞ্চুরি! l এএফপি
ডেভিড ওয়ার্নার: আরেকটি সেঞ্চুরি! l এএফপি

ডেভিড ওয়ার্নারের তো কাল রানে ফেরারই কথা ছিল!
সর্বশেষ ১২ মাসের রেকর্ড তা-ই বলে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম তিন ওয়ানডেতে অস্ট্রেলিয়ান ওপেনার করেছেন ৫৮ রান, সর্বোচ্চ ৩৫। গত ১২ মাসের মধ্যে শুধু আগস্টে শ্রীলঙ্কা সফরে এমন ‘রানখরা’য় ভুগেছেন, চার ম্যাচে সেবার একটিও ফিফটি পাননি। এ ছাড়া প্রতি তিন ম্যাচে অন্তত একটি করে ফিফটি বা সেঞ্চুরি পেয়েছেন ওয়ার্নার।
সেঞ্চুরি করেই এবারের রান-খরাটা কাটালেন ৩০ বছর বয়সী অস্ট্রেলিয়ান ওপেনার। আর সেটির সৌজন্যে সিরিজের চতুর্থ ওয়ানডে ৮৬ রানে জিতেছে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজও জিতে নিয়েছে স্টিভ স্মিথের দল, এগিয়ে গেছে ৩-১ ব্যবধানে।
চাইলে ওয়ানডে ক্যারিয়ারকে দুই ভাগে ভাগ করে ফেলতে পারেন ওয়ার্নার—২০১৬ সালের জানুয়ারির আগে ও পরে। ২০০৯ সালে অভিষেকের পর প্রথম ছয় বছরে ৬৫ ওয়ানডেতে সেঞ্চুরি ৪টি, আর সর্বশেষ ১২ মাসে ২৭ ম্যাচে সেঞ্চুরি করেছেন ৮টি! এই সময়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি রানও তাঁর (১৪৭৮)।
‘রান-বসন্তের’ বাতাস কালও গায়ে মাখলেন ওয়ার্নার। ১১ চার ও ২ ছক্কায় ১৩০ রান, যা তাঁকে নিয়ে গেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে। ওয়ানডেতে এখন ১২টি সেঞ্চুরি ওয়ার্নারের, যা অস্ট্রেলিয়ায় চতুর্থ সর্বোচ্চ। তাঁর ওপরের নামগুলো রিকি পন্টিং (২৯ সেঞ্চুরি), মার্ক ওয়াহ (১৮) ও অ্যাডাম গিলক্রিস্ট (১৬)।
ওয়ার্নারের শুরু করা রান-বন্যায় কাল যোগ দিয়েছেন আরও তিনজন। গ্লেন ম্যাক্সওয়েল ও ট্রাভিস হেড করেছেন ফিফটি, অধিনায়ক স্মিথ তা ১ রানের জন্য পাননি। অবশ্য পাকিস্তানি ফিল্ডারদের আনুকূল্যও তাঁরা পেয়েছেন, একবার করে ক্যাচ পড়েছে এই চারজনেরই! মিডিয়াম পেসার হাসান আলী ৫ উইকেট পেয়েছেন, তবে ততক্ষণে পাকিস্তানের সামনে দাঁড়িয়ে যায় ৩৫৩ রানের পাহাড়। এত রান তাড়া করে অস্ট্রেলিয়ার মাটিতে কেউ কখনো জেতেনি।
ওপেনার শারজিল খানের ৪৭ বলের ঝোড়ো ৭৪ রানের ইনিংস অসম্ভবের স্বপ্ন দেখিয়েছে, কিন্তু হাফিজ-মালিক-আজমদের মাঝারি ইনিংসগুলোও সেটিকে বাস্তবে রূপ দেওয়ার ধারেকাছেও যেতে পারল না। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ৩৫৩/৬ (ওয়ার্নার ১৩০, ম্যাক্সওয়েল ৭৮, হেড ৫১, স্মিথ ৪৯; হাসান ৫/৫২)।
পাকিস্তান: ৪৩.৫ ওভারে ২৬৭ (শারজিল ৭৪, মালিক ৪৭, হাফিজ ৪০, বাবর ৩১; হ্যাজলউড ৩/৫৪, জাম্পা ৩/৫৫)।
ফল: অস্ট্রেলিয়া ৮৬ রানে জয়ী।
সিরিজ: ৫–ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ৩-১-এ এগিয়ে।
ম্যান অব দ্য ম্যাচ: ডেভিড ওয়ার্নার।