রানে ভরা পিচ!
আন্তর্জাতিক ক্রিকেটে দৃশ্যটা খুব পরিচিত। বিশেষ করে টেস্টে। আগের দিন সকালে কিংবা দুপুরে উইকেট খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে কজোড়া চোখ।
বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরুর আগে কাল দুপুরেও একই দৃশ্যের দেখা মিলল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। যে দলই আসছে, প্রত্যেকেই উইকেটের খবর নিচ্ছে। সিলেট সুপারস্টারসের অধিনায়ক মুশফিকুর রহিম তো মাঠে ঢুকেই ছুটলেন মাঝ উইকেটে। পেছনে মুমিনুল হক। কিছুক্ষণ নিবিড় দৃষ্টিতে দেখলেন দুজন।
এ পর্যবেক্ষণেও বোধ হয় তৃপ্ত হতে পারলেন না মুশফিক। খানিক পর কিউরেটর জাহিদ রেজাকে সঙ্গে নিয়ে ছুটলেন উইকেটে। জানা গেল, সিলেট অধিনায়ক নাকি চট্টগ্রামের উইকেটে আপাতত সন্তুষ্ট। এখন অনুমান অনুযায়ী কাজ হলেই হলো।
চট্টগ্রাম পর্বের আগে উইকেটই যেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। কিউরেটর জাহিদকে তাই বেশ ব্যস্ত সময় কাটাতে দেখা গেল। উইকেট নিয়ে কেন এত আলোচনা? বিপিএলের সূচনা পর্বে ঢাকার উইকেট যে পরিণত হয়েছিল ব্যাটসম্যানদের বধ্যভূমিতে! বিশেষ করে রাতের ম্যাচে। অনেকের প্রশ্ন, ধুমধাড়াক্কা ব্যাটিংই যদি দেখা না যায়, টি-টোয়েন্টির মজাটা কোথায়?
সেই ‘মজা’ ফিরিয়ে আনতেই চট্টগ্রামে উইকেট ঢাকার চেয়ে ভিন্ন হচ্ছে বলেই পূর্বাভাস। নির্দিষ্ট করে বললে, চট্টগ্রামের উইকেট হতে যাচ্ছে ব্যাটিংবান্ধব। কুমিল্লা ভিক্টোরিয়ানসের কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ধারণা চট্টগ্রামের উইকেট হবে রানে ভরা, ‘এখানে মনে হয় বড় রানের খেলা হবে। উইকেটটা ব্যাটিং-সহায়কই হবে।’
উইকেট ব্যাটিংবান্ধব হওয়ায় বেশ খুশিই দেখা গেল সিলেট সুপারস্টারসের পেসার রুবেল হোসেনকে। তাঁর উপলব্ধি, উইকেট বোলারদের জন্য কঠিন হবে। তবে চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত রুবেল, ‘বাংলাদেশে এমন উইকেটেই আমাদের সব সময় বোলিং করতে হয়। এটা নিয়ে ভাবছি না।’
কাল এমএ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করা তামিম ইকবাল অবশ্য উইকেট নিয়ে পরিষ্কার কিছু বলেননি। প্রথম ম্যাচের পরই চিটাগং ভাইকিংসের অধিনায়ক বুঝতে পারবেন চট্টগ্রামের উইকেট আসলে কেমন হতে যাচ্ছে, ‘চট্টগ্রামে উইকেট যেমন থাকে, রান উঠবে আশা করি। ১৮০-১৯০ হবে কি না বলা মুশকিল, তবে ১৬০-১৭০ হওয়া উচিত নিয়মিতই। প্রথম ম্যাচ খেলার পর বুঝতে পারব উইকেট কেমন।’