রানের নিচে হাঁসফাঁস শ্রীলঙ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কায় শ্রীলঙ্কার বিপক্ষে ৬০০ রান করা সহজ নয়! লঙ্কানদের ৩৫ বছরের টেস্ট ইতিহাসে শ্রীলঙ্কায় মাত্র চারটি ৬০০ পেরোনো ইনিংস আছে সফরকারীদের, যার সর্বশেষটি কাল বিরাট কোহলির ভারত করল গলে। ৩ উইকেটে ৩৯৯ রান নিয়ে দিন শুরু করে ভারতীয়রা অলআউট হয়েছে ঠিক ৬০০ রানে। জবাবে ১৫৪ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলেছে লঙ্কানরা। আসলে গেছে ৬ উইকেট, ফিল্ডিংয়ের সময় আঙুল ভেঙে সিরিজ শেষ হয়ে গেছে আসেলা গুনারত্নের। ফলোঅন এড়ানোই এখন কঠিন, সেটি করতে প্রয়োজন আরও ২৪৬ রান।

বড় ভরসা এখনো অবশ্য টিকে আছেন অ্যাঞ্জেলো ম্যাথুস, ৫৪ রানে অপরাজিত সাবেক অধিনায়ক। ফলোঅন এড়াতে পারবে শ্রীলঙ্কা?

কাজটা কঠিন। ভারতীয় পেসাররা আছেন ছন্দে, স্পিনাররাও বোলিং করছেন উইকেটের চরিত্র বুঝে। কাল ইনিংসের শুরুতে শ্রীলঙ্কাকে কাঁপিয়ে দিয়েছেন দুই পেসার উমেশ যাদব ও মোহাম্মদ শামি। করুনারত্নেকে এলবিডব্লু করে শুরুটা করেছিলেন যাদব, পরে এক ওভারেই গুনাতিলকা ও কুশল মেন্ডিসকে স্লিপে ক্যাচ বানিয়েছেন শামি। অফ স্পিনার অশ্বিন এক প্রান্ত থেকেই টানা ১৮ ওভার বোলিং করে গেছেন, যদিও উইকেট পেয়েছেন ১টি।

দিনের শুরুতে ১২ ওভারের মধ্যেই ভারত হারায় আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান রাহানে (৫৭) ও পূজারাকে (১৫৩)। পরে আটে নেমে ফিফটি পেয়েছেন অভিষিক্ত অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এএফপি, সনি সিক্স।