রানের পাহাড়ে চাপা পড়েছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিশ্রমী সেঞ্চুরি! কোহলির বাহবাও পেলেন স্টোকস। ছবি: এএফপি
পরিশ্রমী সেঞ্চুরি! কোহলির বাহবাও পেলেন স্টোকস। ছবি: এএফপি

দিনের সপ্তম ওভারেই ফিরলেন সেঞ্চুরিয়ান মঈন আলী। ইংল্যান্ডের রান তখনো সাড়ে তিন শ পেরোয়নি। ভারতীয় দলেও জাগল আশা, এবার চেপে ধরা যাবে ইংল্যান্ডকে। কিন্তু বেন স্টোকস তো ছিলেন। সৌভাগ্যের ভেলায় চড়ে সেঞ্চুরি পেয়েছেন এই অলরাউন্ডার। স্টোকসের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৫৩৭ রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড। বিনা উইকেটে ৬৩ রান নিয়ে রাজকোট টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছে ভারত।
৯৯ রানে অপরাজিত থেকে প্রথম দিন শেষ করেছিলেন মঈন। সেঞ্চুরি পেতে আজ অবশ্য খুব বেশি অপেক্ষায় থাকতে হয়নি। দিনের তৃতীয় বলেই সেঞ্চুরি পেয়ে গেছেন। কিন্তু সেঞ্চুরির ইনিংসটা খুব বড় করতে পারেননি। মোহাম্মদ শামির বলে বোল্ড হয়ে থেমেছেন ১১৭ রানে। কিন্তু এতেও বিপদ কমেনি স্বাগতিকদের।
স্টোকস ও জনি বেয়ারস্টো মিলে ষষ্ঠ উইকেট জুটিতে যোগ করেছেন ৯৯ রান। তবে শামির শিকার হয়ে বেয়ারস্টো ফেরার পরই ছোটখাটো বিপর্যয়। ২৩ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল ইংল্যান্ড।
ইংল্যান্ডের ভাগ্য ভালো দশে নামা জাফর আনসারি নিজের অলরাউন্ডার পরিচয়টা ভুলে যাননি। অপর প্রান্তে থাকা মূল অলরাউন্ডার স্টোকসকে দারুণ সংগত দিলেন। অবশ্য স্টোকসকে সাহায্যের হাত ভারতীয় ফিল্ডাররাও কম দেননি। সকাল থেকেই একের পর এক জীবন পেয়ে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরিটা তুলে নিলেন স্টোকস।
উমেশ যাদব যখন ফেরালেন স্টোকসকে ততক্ষণে ইংল্যান্ডের স্কোর ৫০০ পেরিয়েছে। ২০১২ সালে ইডেন গার্ডেনে এই ইংল্যান্ডই সর্বশেষ ৫০০ রান করেছিল। এরপর কোনো সফরকারী দল ভারতে পাঁচ শ রান পেরোতে পারেনি।
শেষ উইকেট হিসেবে আনসারি যখন আউট হলেন ততক্ষণে ইংল্যান্ডের রান ৫৩৭। দ্বিতীয় দিনের চা-বিরতিও শেষ হয়ে গেছে। রাজকোট টেস্টে জয় পেতে হলে ভারতকে অবিশ্বাস্য কিছু করে দেখাতে হবে। ভারতে এখন পর্যন্ত প্রথম ইনিংসে ৫০০ করে কোনো দল হারেনি। অসমান বাউন্স, স্পিন আর রিভার্স সুইংয়ের পরীক্ষাও দিতে হবে কোহলির দলকে। তবে ২৮ রানে অপরাজিত গম্ভীর ও ২৫ রানে অপরাজিত মুরালি বিজয় সেই পরীক্ষার শুরুটা ভালোই করেছেন। আজ একটা উইকেট হারালেও আগামীকাল চাপে থেকেই শুরু করতে হতো ভারতকে।
চাপ অবশ্য এখনো আছে। ইংল্যান্ড যে এখনো ৪৭৪ রানে এগিয়ে।