রানের বন্যা বইয়েও তুষারদের জায়গা হয় না 'এ' দলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এ’ দলেও সুযোগ হলো না তুষারদের! ফাইল ছবি
‘এ’ দলেও সুযোগ হলো না তুষারদের! ফাইল ছবি

এবার জাতীয় লিগের যে তিন রাউন্ড হয়েছে, ৮০.২৫ গড়ে ১ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে ৩২১ রান করে সবার ওপরে আছেন তুষার ইমরান। ঘরোয়া ক্রিকেটে তুষারের রানের বন্যা বইয়ে দেওয়া আর নতুন কী! ঘরোয়া ক্রিকেটে ভালো খেলছেন আবদুর রাজ্জাক, নাঈম ইসলাম, জুনায়েদ সিদ্দিক, শাহরিয়ার নাফীস, অলক কাপালিদের মতো বহুদিন জাতীয় দলের বাইরে থাকা খেলোয়াড়েরাও। কিন্তু রান-বন্যা বইয়েও তো লাভ হচ্ছে না। নির্বাচকেরা যে ভুলেই গেছেন তাঁদের! 

গত ফেব্রুয়ারিতে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলা খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেছিলেন, ‘অনেক দিন আমাদের “এ” দলের ম্যাচ হচ্ছে না। আমাদের ঘরোয়া ক্রিকেটে বেশ কিছু খেলোয়াড় কিছুদিন ধরেই অসাধারণ খেলছে। এদের একটা প্ল্যাটফর্ম আমাদের দিতে হবে।’ কিন্তু সেই ‘প্ল্যাটফর্ম’টা তাঁদের দেওয়া হচ্ছে কোথায়? দেশের মাঠে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে একটি আনঅফিশিয়াল টেস্টের জন্য যে দল আজ দেওয়া হয়েছে, সেটিতে নেই তুষারদের মতো অভিজ্ঞ কোনো খেলোয়াড়। এই যে তুষার, নাঈম, জুনায়েদ, অলক, রাজ্জাকদের কথা বলা হচ্ছে, সময়ের স্রোতে তাঁদের সামনে এখন কঠিন বাস্তবতা। জাতীয় দলের দরজাটা কি তবে বন্ধই হয়ে গেল?
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে তারুণ্যনির্ভর দল খেলবে আইরিশদের বিপক্ষে। বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের বেশির ভাগ সদস্যই আছেন এই দলে। বর্তমান জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে কামরুল ইসলাম রাব্বী, সানজামুল ইসলাম ও নুরুল হাসানকেও রাখা হয়েছে বাংলাদেশ ‘এ’ দলে।
অভিজ্ঞ খেলোয়াড়দের সুযোগ না দেওয়া নিয়ে বিসিবির নির্বাচক হাবিবুল বাশার বললেন, ‘আমাদের জাতীয় দলটা তো এখন দেশের বাইরে। এইচপি দলের হয়ে যারা কদিন আগে ভালো করেছে, তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। শাহরিয়ার নাফীসকে রাখতে চেয়েছিলাম। কিন্তু নাকের অস্ত্রোপচার করায় অনেক দিন সে মাঠের বাইরে। নতুন কিছু সম্ভাবনাময় তরুণ খেলোয়াড় আছে আমাদের, তাদের একটু দেখতে চাচ্ছি।’
আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের চার দিনের ম্যাচটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ১১ অক্টোবর। আনঅফিশিয়াল টেস্টের পরই তারা পাঁচটি একদিনের ম্যাচ খেলবে কক্সবাজারে।

বাংলাদেশ ‘এ’ দল:
নাজমুল হোসেন (অধিনায়ক), সাইফ হাসান, সাদমান ইসলাম, আল আমিন, জাকির হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান, সানজামুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, আবু হায়দার, কামরুল ইসলাম, জুবায়ের হোসেন।