রানের বন্যা বইয়েও 'অবহেলিত' শামসুর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘরোয়া ক্রিকেটে অসাধারণ খেলেও জাতীয় দলে সুযোগ হলো না শামসুরের। ছবি: প্রথম আলো
ঘরোয়া ক্রিকেটে অসাধারণ খেলেও জাতীয় দলে সুযোগ হলো না শামসুরের। ছবি: প্রথম আলো

বিকেএসপিতে আবাহনীর বিপক্ষে শামসুর রহমানের বীরত্বগাথা হয়তো অনেকের মনে আছে? ২৭৭ রান তাড়া করতে নেমে ৭ ওভার শেষ না হতেই ২৫ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে গাজী গ্রুপ। শামসুরের সামনে তখন ‘দুর্গম গিরি কান্তার মরু’ পাড়ি দেওয়ার চ্যালেঞ্জ। ধ্বংসস্তূপের মধ্যেই বুক চিতিয়ে লড়াই চালিয়েছেন গাজী গ্রুপের ওপেনার।


বিকেএসপিতেই নিজেদের আগের ম্যাচে কলাবাগান ক্রিকেট একাডেমির সঙ্গে শেষ বলে নো বল-কাণ্ডে ‘সেঞ্চুরি’ করেও সেঞ্চুরি পাননি শামসুর। সেই দুঃখে খানিকটা প্রলেপ বোলানোর সুযোগ হাতছাড়া করেননি আবাহনীর সঙ্গে। সেঞ্চুরি তো করেনই; একটা সময় ম্যাচ রূপ নেয় শামসুর বনাম আবাহনীতে! তাসকিন আহমেদের দুর্দান্ত এক বলে এলবিডব্লু হয়ে সমাপ্তি ঘটে তাঁর অসাধারণ ইনিংসটির।

ঢাকা প্রিমিয়ার লিগে এমন আরও কিছু ঝকঝকে ইনিংস দেখা গেছে শামসুরের ব্যাটে। ১১ ম্যাচে ১ সেঞ্চুরি ও ৪ ফিফটিতে ৫৫.৮০ গড়ে ৫৫৮ রান করে প্রথম পর্ব শেষে তিনিই ছিলেন সবার ওপরে। যদিও তাঁর দল সুপার লিগে উঠতে ব্যর্থ হওয়ায় এগোতে পারেননি সামনে।

শুধু প্রিমিয়ার লিগ কেন, সর্বশেষ মৌসুমে জাতীয় লিগেও শামসুর ছিলেন উজ্জ্বল। ৬ ম্যাচে ৩ সেঞ্চুরি, ২ হাফ সেঞ্চুরিতে ৫৭.৮০ গড়ে করেছিলেন ৫৭৮ রান, যেটি লিগে দ্বিতীয় সর্বোচ্চ।

বাংলাদেশ ক্রিকেট লিগেও (বিসিএল) ধারাবাহিক ভালো খেলেছেন শামসুর। ৬ ম্যাচে ২ সেঞ্চুরি ও ১ ফিফটিতে ৪৬.১৮ গড়ে ৫০৮ রান করে ছিলেন শীর্ষ চারে। ২০১৫-১৬ মৌসুমে প্রিমিয়ার লিগ, জাতীয় লিগ, বিসিএল—ঘরোয়া ক্রিকেটের তিন শীর্ষ লিগে তাঁর মোট রান ১৬৪৪। এই তিন লিগ মিলিয়ে তাঁর চেয়ে বেশি রান করতে পারেননি আর কেউ। রানের বন্যা বায়ে দেওয়া শামসুরই কি না সুযোগ পাননি অক্টোবরে ইংল্যান্ড সিরিজের জন্য দেওয়া ৩০ সদস্যের প্রাথমিক দলে!

স্বাভাবিকভাবেই হতাশা ছুঁয়ে যাচ্ছে শামসুরকে। কাল রাতে যখন কথা হলো, ফোনের এ প্রান্তে শোনা যাচ্ছিল তাঁর দীর্ঘশ্বাস, ‘আশা তো করেছিলামই। আমি খুবই হতাশ। সবচেয়ে কষ্টের ব্যাপার কী জানেন, খেলা না থাকলে যে পরিশ্রমটা করেছি, নিজেকে প্রস্তুত করতে যে ত্যাগ স্বীকার করেছি, নিয়মিত রানও পেয়েছি। তবুও ডাক পেলাম না!’

এবার প্রিমিয়ার লিগে খুব কাছ থেকেই শামসুরের ব্যাটিং দেখেছেন মোহাম্মদ সালাউদ্দিন। তাঁকে প্রাথমিক দলে না দেখে গাজী গ্রুপের কোচের কণ্ঠেও পাওয়া গেল হতাশার সুর, ‘ঢাকা লিগে এবার ওপেনারদের মধ্যে সে খুবই ভালো করেছে। অন্তত ৩০ জনের দলে রাখার মতো পারফরম্যান্স তো অবশ্যই করেছে। দলে তাকে রাখাই যেত।’

শামসুর সর্বশেষ বাংলাদেশ দলে খেলেছেন ২০১৪ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে। এর পর থেকেই তার পদচারণ সীমাবদ্ধ ঘরোয়া ক্রিকেট। ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সই যদি হয় জাতীয় দলের দুয়ার খোলার অন্যতম চাবি, তাতে শামসুর কি তাঁর প্রাপ্য পাওনাটা পেলেন? হতাশ হলে অবশ্য ভেঙে পড়ছেন না। বিপর্যয়ে যেমন লড়াকু ইনিংস খেলতে হয়, তেমনি দুঃসময়ে আশার আলো খুঁজছেন এই ওপেনার, ‘ক্রিকেটারদের জীবনটাই এমন। মানুষ বলছে, আমি ভালো খেলেছি, এটাই আমার পাওয়া। দলে সুযোগ পাওয়ার বিষয়টি আমার হাতে নেই। আল্লাহ যখন চাইবে নিশ্চয়ই হবে। এটা ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছি।’