রানের 'পাহাড়' গড়ল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের মাটিতে প্রথম সেঞ্চুরি পেলেন রাহানে। ছবি: এএফপি
দেশের মাটিতে প্রথম সেঞ্চুরি পেলেন রাহানে। ছবি: এএফপি

দিল্লি টেস্টে প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ৩৩৪ রান করেছে ভারতীয় দল। টেস্টের প্রথম ইনিংসে সাড়ে তিন শর কম রানের কপালে ‘মোটামুটি’, ‘ভদ্রস্থ’ - এমন বিশেষণই জোটে। কিন্তু ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রেক্ষাপটে এমন ভদ্রস্থ রানকেও মনে হচ্ছে হিমালয়ের সুউচ্চ কোনো শৃঙ্গ। সিরিজের শেষ টেস্টে অজিঙ্কা রাহানে ও রবিচন্দ্রন অশ্বিন মিলে দক্ষিণ আফ্রিকার সামনে প্রথম ইনিংসে পাহাড় ডিঙানোর কঠিন এক চ্যালেঞ্জই ছুড়ে দিলেন।

প্রথম দিনেই ৭ উইকেট হারিয়ে ২৩১ রান করেছিল ভারত দল। সিরিজের সর্বোচ্চ স্কোর হয়ে গিয়েছিল তাতেই। সিরিজের আগের তিন টেস্টে দলীয় সর্বোচ্চ স্কোরই যে ছিল মাত্র ২১৫! আজ সেটিকে তিন শ পার করলেন রাহানে-অশ্বিন মিলে। নেতৃত্ব দিয়েছেন ভারতের মাটিতে নিজের প্রথম সেঞ্চুরি পাওয়া রাহানে। এই সিরিজেরও প্রথম সেঞ্চুরি এটি। রাহানেকে যোগ্য সঙ্গ দিয়েছেন টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষ তিনে থাকা ‘অলরাউন্ডার’ অশ্বিন। দুজনে মিলে সিরিজ সেরা ৯৮ রানের জুটি গড়ে সিরিজের প্রেক্ষাপটে ‘বিশাল’ স্কোর এনে দেন ভারতকে।

মধ্যাহ্ন বিরতির আগেই রাহানে ১২৭ রানে ফিরে গেলেও রানের চাকা ঠিকই সচল রেখেছেন অশ্বিন। বিরতির আগেই ছক্কা মেরে ফিফটি করেছেন এই অফ স্পিনার। বিরতির পরেই অশ্বিন ৫৬ রানে আউট হতেই শেষ ভারত ইনিংস। মানে, প্রায় শেষ আরকি - দুই বল পরই ৩৩৪ রানে অলআউট ভারত।

স্পিনারদের স্বর্গরাজ্য কোটলা পিচেও নিজের জাত চিনিয়ে দিয়েছেন কাইল অ্যাবট। ২৪.৫ ওভার বল করে মাত্র ৪০ রানে ৫ উইকেট পেয়েছেন তিনি। গত ২৮ বছরে দিল্লিতে কোনো পেসারের প্রথম পাঁচ উইকেট প্রাপ্তি এটি। প্রথম দিনেই চার উইকেট পাওয়া ডেন পিট আজ কোনো উইকেট পাননি। খালি হাতে ফেরেননি বোলিংয়ের মূল ভরসা ইমরান তাহিরও। কাল প্রোটিয়া বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে ছিলেন তিনি, এমনই যে পুরো দিনে সাত ওভারের বেশি বল করার সুযোগ আর পান নি। আজ ‘উপেক্ষা’র জবাব আর ‘অপেক্ষার’ অবসান - দুটোই করলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটটি নিয়ে। লাঞ্চের আগে রাহানেকে ফিরিয়ে দিয়েছিলেন।