
ওয়াংখেড়েতে কাল দিনটা আসলে কার ছিল? তিনটি সম্ভাব্য উত্তর দেওয়া যেতে পারে—
১. কুইন্টন ডি কক
২. ফ্যাফ ডু প্লেসি
৩. এবি ডি ভিলিয়ার্স
ক্রিকেট অনুরাগীদের কেউ যদি তিনটিতেই টিক চিহ্ন দেন, ভুল হবে না সম্ভবত।
ভারত এমনিতেই ডি ককের প্রিয় প্রতিপক্ষ। গতকালের আগে ভারতীয়দের বিপক্ষে ৮টি ওয়ানডেতে ৪ সেঞ্চুরি সেটিরই প্রমাণ। কাল ৯ নম্বর ম্যাচে ব্যাট করতে নামার আগেই কেউ ডি ককের নামের পাশে সেঞ্চুরি দেখে থাকলে সেটি বাড়াবাড়ি ছিল না। ভুবনেশ্বর কুমার আর মোহিত শর্মাদের ভোগান্তিরও শুরু তাঁর ব্যাটেই।
তারপর ডু প্লেসি। তারপর ডি ভিলিয়ার্স। কে কাকে ছাড়িয়ে যাবেন, যেন সেই প্রতিযোগিতা। ফলাফল—তিন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানের সেঞ্চুরি, কচুকাটা ভারতীয় বোলিং এবং স্কোরবোর্ডে ৪৩৮ রান। এরপর ভারত জিতলে সেটাও ক্রিকেট রূপকথারই নতুন একটা অধ্যায় হতো। মহেন্দ্র সিং ধোনির দল কখনো ওই সম্ভাবনাই জাগাতে পারেনি। ১৪ ওভার বাকি থাকতেই হেরে গেছে ২১৪ রানে! রানের হিসাবে ভারতের বিপক্ষে এটাই দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় জয়। যেটি তাদের ৩-২ ব্যবধানে জিতিয়ে দিয়েছে গান্ধী-ম্যান্ডেলা ওয়ানডে সিরিজেও। ওয়ানডেতে এর চেয়ে বেশি রানে ভারত একবারই হেরেছিল, ২০০০ সালে শারজায় শ্রীলঙ্কার বিপক্ষে (২৪৫ রানে)।
হাশিম আমলাকে নিয়ে ডি কক শুরুটা করেছিলেন। ১৩ বলে ২৩ রানের ছোট ঝড় তুলে ফিরে যাওয়ার আগেই আমলা গড়েছেন সবচেয়ে কম ইনিংসে ৬ হাজার রানের মাইলফলক পেরিয়ে যাওয়ার রেকর্ড। দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়কের এটি ১২৩তম ইনিংস। আগে যিনি এই রেকর্ডের মালিক ছিলেন, সেই বিরাট কোহলির লেগেছিল ১৩৬ ইনিংস।
আমলার বিদায়ের পর তিনে নেমে ডি ককের সঙ্গে ধ্বংসের নেশায় মেতেছেন ডু প্লেসিও। তাঁর অবশ্য কিছুটা কৃতজ্ঞ থাকার কথা ভারতীয় ফিল্ডারদের কাছেও। ৪৫ রানে অজিঙ্কা রাহানে একবার তাঁর ক্যাচ ফেলেছেন, ৮৫ রানে অমিত মিশ্র আরও একবার। শেষ পর্যন্ত তাঁকে আউটই করতে পারেননি কোনো ভারতীয় বোলার। ১৩৩ রানে ফিরে গেছেন আহত অবসর হয়ে। কিন্তু তাতেও নিস্তার মেলেনি ভারতীয় বোলারদের। ডি ভিলিয়ার্সও ছিলেন যে! ৩৪ বলে ফিফটি, ৫৭ বলে সেঞ্চুরি। ওয়ানডে ক্যারিয়ারে দক্ষিণ আফ্রিকান অধিনায়কের এটি ২৩ নম্বর সেঞ্চুরি, ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের এই ওয়ানডে সিরিজে তৃতীয়!
ডি ককের মতো এখন ভারতকে তাঁরও প্রিয় প্রতিপক্ষ বলা যায় বোধ হয়। স্টার স্পোর্টস।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৪৩৮ / ৪ (ডি কক ১০৯, আমলা ২৩, ডু প্লেসি ১৩৩*, ডি ভিলিয়ার্স ১১৯, মিলার ২২*, বেহারডিয়েন ১৬, এলগার ৫*; ভুবনেশ্বর ১/১০৬, মোহিত ১/৮৪, হরভজন সিং ১/৭০, প্যাটেল ০/৬৫, মিশ্র ০/৭৮, রায়না ১/১৯, কোহলি ০/১৪)
ভারত: ৩৬ ওভারে ২২৪ (রোহিত ১৬, ধাওয়ান ৬০, কোহলি ৭, রাহানে ৮৭, রায়না ১২, ধোনি ২৭, প্যাটেল ৫, হরভাজন ০, ভুবনেশ্বর ১, মিশ্র ৪, মোহিত ০*; স্টেইন ৩/৩৮, রাবাদা ৪/৪১, অ্যাবট ১/৩৯, বেহারডিয়েন ০/৫৫, তাহির ২/৫০)
ফল: দক্ষিণ আফ্রিকা ২১৪ রানে জয়ী
সিরিজ: দক্ষিণ আফ্রিকা ৩-২ ম্যাচে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: কুইন্টন ডি কক
ম্যান অব দ্য সিরিজ: এবি ডি ভিলিয়ার্স
ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় ইনিংস
ম্যাচ ভেন্যু সাল
৪৪৩/৯ শ্রীলঙ্কা-হল্যান্ড আমস্টিলভিন ২০০৬
৪৩৯/২ দ. আফ্রিকা-ও. ইন্ডিজ জোহানেসবার্গ ২০১৫
৪৩৮/৯ দ. আফ্রিকা-অস্ট্রেলিয়া জোহানেসবার্গ ২০০৬
৪৩৮/৪ দ. আফ্রিকা-ভারত মুম্বাই ২০১৫
৪৩৪/৪ অস্ট্রেলিয়া-দ. আফ্রিকা জোহানেসবার্গ ২০০৬
৪৩৮
ভারতের মাটিতে ওয়ানডেতে সর্বোচ্চ ইনিংস। আগের সর্বোচ্চ ছিল ইন্দোরে ২০১১ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের ৪১৮/৫। ওয়ানডে ক্রিকেটে এটা তৃতীয় সর্বোচ্চ দলীয় ইনিংস।
২৭২
চার-ছয় থেকে এক ইনিংসে সবচেয়ে বেশি রান। এর আগে ১৯৯৬ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা ২৫৬ রান তুলেছিল চার-ছয় থেকে। ২৫৬ রান এসেছিল ২০০৬ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ানদের ব্যাট থেকেও।
১০-০-১০৬-১
কালকের ম্যাচে ভুবনেশ্বর কুমারের বোলিং বিশ্লেষণ। ওয়ানডেতে এর চেয়ে খরুচে বোলিং করার ‘কীর্তি’ শুধুই অস্ট্রেলিয়ার মিক লুইসের। ২০০৬ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লুইসের বোলিং বিশ্লেষণ ছিল ১০-০-১১৩-০।