রাবাদাকে সামলাতে পারেনি বাংলাদেশ

বাংলাদেশের ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন রাবাদা। সে ওভারে ৫ রান দেন। দ্বিতীয় ওভারে এসে আগুন ঝরান।

বাংলাদেশের বিপক্ষে দারুণ বল করেন কাগিসো রাবাদাছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাগিসো রাবাদার ওয়ানডে অভিষেক নিশ্চয়ই মনে আছে? ছয় বছর আগে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেকে পেয়েছিলেন ৬ উইকেট, হ্যাটট্রিকসহ! আবুধাবিতে আজ একই প্রতিপক্ষের বিপক্ষে আবারও জ্বলে উঠলেন দক্ষিণ আফ্রিকান পেসার।

৪ ওভারে ২০ রানে ৩ উইকেট নেন রাবাদা। টি–টোয়েন্টি সংস্করণে আদর্শ পারফরম্যান্স। আবুধাবির উইকেটে সবুজ ঘাসের অস্তিত্ব ছিল। রাবাদা এ সুবিধা ব্যবহার করেছেন দারুণভাবে। বল তুলেছেন আবার ইয়র্কারও মেরেছেন।

বাংলাদেশের খেলোয়াড়েরা পেসারদের উঠে আসা বল সামলাতে অপটু—এ কথা রাবাদা জানেন খুব ভালোভাবেই। দলের ব্যাটিংয়ের ‘মেরুদন্ড’ মুশফিক–মাহমুদউল্লাহকে এই বাউন্সারেই ফিরিয়েছেন রাবাদা ও আনরিখ নর্কিয়া।

বাংলাদেশের ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন রাবাদা। সে ওভারে ৫ রান দেন। দ্বিতীয় ওভারে এসে আগুন ঝরান। মোহাম্মদ নাঈমকে লেংথ বল করে ফাঁদ পেতেছিলেন। নাঈম তুলে খেলতে গিয়ে ক্যাচ দেন মিড উইকেটে।

রাবাদার গতি সামলাতে পারেননি বাংলাদেশ ওপেনার। পরের বলটাই ছিল ইয়র্কার। সৌম্য তা সামলাতে পারেননি। এলবিডব্লু হয়ে ফিরতে হয় তাঁকে।

মাহমুদউল্লাহকে আউট করার পর রাবাদার উল্লাস
ছবি: এএফপি

ষষ্ট ওভারে দক্ষিণ আফ্রিকার হয়ে এ ম্যাচে সেরা ডেলিভারিটি করেন রাবাদা। মুশফিককে পেয়ে বার বার বল তুলেছেন তিনি। ওই ওভারের তৃতীয় বলে ভালো লেংথ থেকে মুশফিকের কাঁধ সমান উচ্চতায় বাউন্স তুলেছে রাবাদা।

একদম টেস্ট ম্যাচের ডেলিভারি! মুশফিক সামলাতে না পেরে ক্যাচ দেন স্লিপে। ৬ ওভারের মধ্যে ২৮ রানে ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় তখনই ছিটকে পড়ে বাংলাদেশ।