রাবাদার রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাগিসো রাবাদা
কাগিসো রাবাদা

ওয়ানডে অভিষেকে বাংলাদেশের বিপক্ষে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছিলেন কাগিসো রাবাদা। বছরজুড়েই আলো ছড়িয়েছেন এই ফাস্ট বোলার। পরশু পেলেন সেটিরই স্বীকৃতি। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পুরস্কারের রাতটি নিজের করে নিয়েছেন এই তরুণ। ওয়ানডে অভিষেকে ৬ উইকেট নিয়েছিলেন, পরশু গুনে গুনে ৬টি পুরস্কারই হাতে তুললেন তিনি।
সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন রাবাদা। এক বছরের ক্যারিয়ারেই টেস্ট ও ওয়ানডেতে প্রোটিয়াদের ইতিহাসের দ্বিতীয় সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন। তাই টেস্ট ও ওয়ানডের বর্ষসেরা খেলোয়াড়ও তিনি।
সমর্থক ও সতীর্থদের চোখেও সেরা রাবাদা বছরের সেরা বলটি করার জন্যও পেয়েছেন পুরস্কার। গত ২১ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি ম্যাচে জেসন রয়কে যে বলে বোল্ড করেছিলেন সেটিই বিবেচিত হয়েছে সেরা বল।
একটিই মাত্র বড় পুরস্কার পাননি রাবাদা—সেটি বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড়। আর এই পুরস্কার পেয়েছেন ইমরান তাহির। সূত্র: ক্রিকইনফো।