
জেমস অ্যান্ডারসনের পায়ে বল লাগার সঙ্গে সঙ্গেই আবেদন করলেন কাগিসো রাবাদা। আম্পায়ার কুমারা ধর্মসেনা সাড়া দিলেন না। এবি ডি ভিলিয়ার্স একটু সময় নিয়ে রিভিউ নিলেন। ভাগ্যিস নিয়েছিলেন, নইলে হয়তো টেস্টে নিজের ১৩তম উইকেটটা পাওয়া হতো না রাবাদার। সকালে পানি পানের বিরতির আগেই ইংলিশ আত্মসমর্পণ শেষ হলো। ২৮০ রানের সান্ত্বনার জয়ে দক্ষিণ আফ্রিকা অন্তত এই সিরিজ থেকে কিছু একটা পেল!
ডি ভিলিয়ার্স অবশ্য দ্বিমত করতে পারেন। এই সিরিজে রাবাদাকে আবিষ্কার করার চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে? প্রথম ইনিংসে টানা বোলিং করে সাত উইকেট নিয়েছিলেন। সেই ধকল নিয়েই দ্বিতীয় ইনিংসে একই রকম ক্ষুরধার। দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে ১৩ উইকেট পাওয়ার কীর্তি এর আগে মাত্র দুজনের, মাখায়া এনটিনি ও হিউ টেফিল্ডের। তবে নিজেদের মাটিতে সেই কীর্তি শুধু রাবাদারই। ২০ বছর বয়সে ১৩ দূরে থাক, ১০ উইকেট নেওয়ারই কীর্তি নেই দক্ষিণ আফ্রিকার কোনো বোলারের।
সকালে শুরুটা করে দিয়েছিলেন মরনে মরকেল। আগের দিনের সঙ্গে চার রান যোগ করেই আউট হয়ে গেছেন জেমস টেলর। দুই বল পরেই ফিরে গেছেন জো রুট, এবার ঘাতক ড্যান পিট। এরপর বেন স্টোকসের উইকেটটা বাদ দিলে বাকিটা শুধু রাবাদাময়। জনি বেয়ারস্টোকে ক্যাচ বানিয়েছেন উইকেটের পেছনে, ক্রিস ওকসকেও তাই। স্টুয়ার্ট ব্রডও অফস্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে ক্যাচ দিয়েছেন স্লিপে। অ্যান্ডারসন তো প্রথম বলেই এলবিডব্লু। মাত্র ৪৩ রানে শেষ সাত উইকেট হারিয়েছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার কাছে এর চেয়ে বড় ব্যবধানে শুধু একবারই হেরেছিল ইংলিশরা। সিরিজ জিতেও তাই অ্যালিস্টার কুককে একটু জোর করেই হাসতে হলো।
ডি ভিলিয়ার্সের জন্য জয়টা আনন্দের চেয়ে বেশি স্বস্তির। নয় টেস্ট পর প্রথম জয় বলে শুধু নয়, অধিনায়ক হিসেবে দ্বিতীয় টেস্টে এসে প্রথম জয়ের জন্যও। সে জন্য রাবাদাকে নিশ্চয় আলাদা করে একটা ধন্যবাদ দিয়েছেন ডি ভিলিয়ার্স! টেন ক্রিকেট, ক্রিকইনফো।
সিরিজের সেরা পাঁচ
ব্যাটসম্যান
ইনিংস রান সর্বোচ্চ গড় ১০০/৫০
হাশিম আমলা ৭ ৪৭০ ২০১ ৬৭.১৪ ২/১
বেন স্টোকস ৭ ৪১১ ২৫৮ ৫৮.৭১ ১/১
জো রুট ৮ ৩৮৬ ১১০ ৫৫.১৪ ১/৩
জনি বেয়ারস্টো ৭ ৩৫৯ ১৫০* ৭১.৮০ ১/১
ডিন এলগার ৭ ২৮৪ ১১৮* ৪৭.৩৩ ১/০
বোলার
ওভার উইকেট সেরা গড় ৫/১০
কাগিসো রাবাদা ১০৯.৪ ২২ ৭/১১২ ২১.৯০ ৩/১
স্টুয়ার্ট ব্রড ১৩৯.১ ১৮ ৬/১৭ ২০.৬১ ১/০
মরনে মরকেল ১৫১.৫ ১৫ ৪/৭৬ ২৯.৭৩ ০/০
বেন স্টোকস ১১৩.১ ১২ ৪/৮৬ ২৯.১৬ ০/০
স্টিভেন ফিন ৯০.৪ ১১ ৪/৪২ ২৬.০৯ ০/০