রাবাদায় সওয়ার দক্ষিণ আফ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুটকে আউট করে রাবাদার উল্লাস। কাল সেঞ্চুরিয়নে l এএফপি
রুটকে আউট করে রাবাদার উল্লাস। কাল সেঞ্চুরিয়নে l এএফপি

মাইকেল হোল্ডিং একটু চেঁচিয়েই উঠলেন, ‘ওকে কেউ একজন স্ট্রেচারে করে নিয়ে যাও’। কাগিসো রাবাদা কাল যা করেছেন, তাতে সতীর্থরা তাঁকে কাঁধে তুলেই নিয়ে যেতে পারতেন। ৭ উইকেট নিয়ে ইংল্যান্ডকে ৩৪২ রানে গুটিয়ে দিয়েছেন বলেই শুধু নয়, দক্ষিণ আফ্রিকার বোলিংয়ের বড় একটা ভার নিজের ২০ বছরের কাঁধে বইবার জন্যও। রাবাদার জন্যই শেষ টেস্টে সান্ত্বনার জয়টা হাতছানি দিচ্ছে দক্ষিণ আফ্রিকাকে। ৯ উইকেট হাতে রেখে এরই মধ্যে প্রোটিয়ারা ১৭৫ রানে এগিয়ে গেছে ইংল্যান্ডের চেয়ে।
স্টেইন, ফিল্যান্ডাররা নেই, কাইল অ্যাবটও চা-বিরতির আগে মাঠ ছেড়েন চোটে। অগত্যা মরনে মরকেল ও ডেন পিটের সঙ্গে রাবাদাই ভরসা। ধকলটা আবার রাবাদার ওপর দিয়েই বেশি গেছে। ১৪০ কিলোমিটারের ওপর গতি নিয়ে সারা দিন ২৯ ওভার বোলিং করেছেন, শেষ দিকে গতি প্রায় ১৫ কিলোমিটার কমে এসেছিল। কিন্তু বলের ধার কমেনি, সুইং আর গতির দুর্দান্ত এক প্রদর্শনীতে ভুগিয়েছেন ইংলিশ ব্যাটসম্যানদের।
প্রথম ধাক্কা দেন লাঞ্চের আগেই। ৩ ওভারের মধ্যে তুলে নেন জো রুট, জেমস টেলর ও জনি বেয়ারস্টোকে। আগের দিনই ২ উইকেট নিয়েছিলেন, এই তিনজনকে আউট করে টানা তিন টেস্টে নিলেন ৫ উইকেট। রুটই বড় বাধা হয়ে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিলেন, তাঁকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়েছেন দারুণ এক বলে। শর্টপিচ একটা ডেলিভারিতে আউট টেলর, আর বেয়ারস্টো শিকার হঠাৎ লাফিয়ে ওঠা দুর্দান্ত এক বলের। তার আগে পথটা দেখিয়ে দিয়েছেন মরকেল। অ্যালিস্টার কুককে ফিরিয়ে দিয়েছেন ৭৬ রানে, ১০ হাজার রানের জন্য ইংলিশ অধিনায়কের অপেক্ষাও তাই একটু বেড়েছে।
তবে রাবাদা দেখিয়ে গেছেন, তাঁকে কেন দক্ষিণ আফ্রিকার বোলিংয়ের ভবিষ্যৎ বলা হচ্ছে। লাঞ্চের পর আরেকটি দারুণ বলে ফিরিয়েছেন বিপজ্জনক হয়ে উঠতে থাকা বেন স্টোকসকে। বাংলাদেশের অভিষেকে যে সুবাস ছড়িয়েছিলেন, সেটি অনেকটাই তীব্র। ২০ বছর বয়সে ওয়ানডে-টেস্টে ৬ উইকেট পাওয়ার কীর্তি একজনেরই আছে—পাকিস্তানের ওয়াকার ইউনিস। মঈন আলী লড়াই করেও শেষ পর্যন্ত ৬১ রানেই হার মেনেছেন।
১৩৩ রানে পিছিয়ে থাকার পর শুরুতেই ইংল্যান্ডের আঘাত হানার দরকার ছিল। এলগারকে আউট করে অ্যান্ডারসন সেটা করেছেনও। কিন্তু তৃতীয় দিনে দুই বন্ধু হাশিম আমলা ও স্টিভেন কুক দক্ষিণ আফ্রিকার আর কোনো বিপদ হতে দেননি। টেন ক্রিকেট।