রামদিন সত্যিই নেই টেস্ট দলে
দুঃসংবাদটা দিনেশ রামদিন আগেই জেনে গিয়েছিলেন। গত সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের উইকেটকিপার টুইট করে জানিয়েছিলেন, ভারত সিরিজের টেস্ট দলে নেওয়া হচ্ছে না তাঁকে। পরশু ঘোষিত ১২ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ দলে সত্যিই তাঁকে রাখা হয়নি। দলে একেবারে নতুন মুখ রোস্টন চেজ। বারবাডোজের এই মিডল অর্ডার ব্যাটসম্যান কাজ চালানোর মতো অফ স্পিনও করে থাকেন। এ ছাড়া দেড় বছর পর আবারও দলে ডাক পেয়েছেন চারটি টেস্ট খেলা বাঁহাতি ব্যাটসম্যান লিওন জনসন।
চার ম্যাচ সিরিজের প্রথম টেস্ট অ্যান্টিগায় শুরু হবে ২১ জুলাই। পরের তিন টেস্টের ভেন্যু কিংস্টন, সেন্ট লুসিয়া ও পোর্ট অব স্পেন। এএফপি, ক্রিকইনফো।
১২ সদস্যের টেস্ট দল: জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রেগ ব্রাফেট (সহ-অধিনায়ক), দেবেন্দ্র বিশু, জার্মেইন ব্ল্যাকউড, কার্লোস ব্রাফেট, ড্যারেন ব্রাভো, রাজেন্দ্র চন্দ্রিকা, রোস্টন চেজ, শেন ডাউরিচ (উইকেটকিপার), শ্যানন গ্যাব্রিয়েল, লিওন জনসন ও মারলন স্যামুয়েলস।