রায়নার স্বস্তি - রিজার্ভ ডে

ফতুল্লা টেস্টের অভিজ্ঞতার পর এখন একটাই ভয় ভারতের—বৃষ্টি। আগামীকাল তিন ম্যাচের ওয়ানডে সিরিজও শুরু হচ্ছে বৃষ্টির চোখরাঙানি নিয়ে। স্বস্তি বলতে, ওয়ানডেতে ‘রিজার্ভ ডে’ আছে। কাল মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনের পর সুরেশ রায়নার কথাতেও প্রকাশ পেল সে স্বস্তি।
‘প্রতিটা ম্যাচের সঙ্গে রিজার্ভ ডে থাকায় ভালো হয়েছে। প্রথম দিনে ম্যাচ শেষ না হলেও আমাদের হাতে একটা বাড়তি দিন থাকবে। তবে এটার কারণে আমাদের দুটো দিন নিয়েই চিন্তা করতে হবে’—বলেছেন রায়না। এই সিরিজে রিজার্ভ ডের নিয়ম একটু আলাদা। বৃষ্টির কারণে কোনো ম্যাচ শেষ না হলে যেখানে খেলা থেমে যাবে, পরদিন শুরু হবে সেখান থেকেই।
টেস্ট আর ওয়ানডের বাংলাদেশ এক নয় জানেন বলেই রায়না বলছেন, ‘সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে ভালো করেছে বাংলাদেশ দল। কাজেই এই সিরিজটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরাও সাম্প্রতিক কালে ভালো খেলেছি। সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’
বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে তাসকিন, মাশরাফি, সাকিব আর তামিমের কথা আলাদাভাবে এল রায়নার মুখে। স্মৃতি হাতড়ে বললেন, ‘বিশ্বকাপে তাসকিন খুব ভালো বল করেছে। এ ছাড়া মাশরাফি, তামিম, সাকিবও ভালো খেলে। দলে অনেক তরুণ খেলোয়াড় আছে এবং বিশ্বকাপে সবাই ভালো খেলেছে।’
কাল সিরিজ শুরুর আগে আজ শেষ অনুশীলন করবে ভারতীয় দল। একাদশ নির্বাচন, চূড়ান্ত রণকৌশল—এসবও ঠিক হবে আজই। রায়নার চোখে অবশ্য সাফল্যের চাবিকাঠি একটাই—কঠোর পরিশ্রম, ‘আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি, জিততে এসেছি। সে জন্য নিজেদের শক্তির দিকেই বেশি মনোযোগ দিচ্ছি। দলটা কঠোর পরিশ্রম করছে। সাফল্যের জন্য সেটাই সবচেয়ে বেশি প্রয়োজন।’
হতে পারে, শক্তিতে ভারতের চেয়ে অনেকটাই পিছিয়ে প্রতিপক্ষ বাংলাদেশ। এখানে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের চাপও নেই। এক ভারতীয় সাংবাদিক জানতে চাইলেন, এই সময়ে ভারতীয় দল জন্য কিছুটা নির্ভার কি না। রায়না একমত হলেন না তাঁর সঙ্গে, ‘বিশ্বকাপ হয়তো শেষ, ওই চাপটা একটু অন্য রকমই ছিল। তবে যখনই আপনি ভারতের হয়ে খেলবেন, চাপ থাকবেই। আপনাকে ভালো খেলতে হবে, ভারতের হয়ে ম্যাচ জিততে হবে। বছরের পর বছর আমরা সেটাই করে আসার চেষ্টা করছি।’