রায়না-ধোনি মুছে দিলেন জিম্বাবুয়ের আশা

জাতীয় দল থেকে ব্যতিক্রম এক ‘অবসর’ নিলেন ব্রেন্ডন টেলর। টেলরের তো বটেই বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচটা স্মরণীয় করে রাখার মতো দারুণ এক সুযোগ পেয়েছিল জিম্বাবুয়ে। অকল্যান্ডে ভারতকে ভালোই চেপে ধরেছিল তারা। কিন্তু সুরেশ রায়না ও মহেন্দ্র সিং ধোনির দুর্দান্ত এক জুটি কেড়ে নিল জিম্বাবুয়ের শেষ আশা। ৬ উইকেটের পরাজয়ের হতাশা নিয়েই এখন দেশের বিমান ধরতে হবে ডেভ হোয়াটমোরের ছাত্রদের।
২৮৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ২২.৪ ওভারে ৯২ রান তুলতেই তিনাশে পানিয়াঙ্গারা ও সিকান্দার রাজার তোপে ৪ উইকেট হারায় ভারত। আরেকটি উইকেট ফেলতে পারলেই ভারতের লেজ বেরিয়ে যাওয়ার শঙ্কা। কিন্তু ওই ‘আরেকটি’ উইকেটই ফেলতে পারলেন না জিম্বাবুইয়ান বোলাররা। উইকেটে দারুণভাবে জমে গেলেন রায়না ও ধোনি। দুজনের অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট কেড়ে নিল জিম্বাবুয়ের শেষ আশাটুকুও। এ জুটিতে এল ১৯৬ রান। জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম উইকেট জুটিতে এটিই ভারতের সর্বোচ্চ রান। বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি করলেন রায়না। ৪১ থেকে ৫০ ওভারে বরাবরই ব্যতিক্রম ধোনি। ওয়ানডেতে স্লগ ওভারে সবচেয়ে বেশি রান ভারত অধিনায়কের। আজও চাপের মুখে ‘ক্যাপ্টেন কুল’ তুলে নিলেন ক্যারিয়ারের ৫৭তম ওয়ানডে ফিফটি। রায়না অপরাজিত ছিলেন ১১০ আর ধোনি ৮৫ রানে।
এমন পরাজয়ে জিম্বাবুইয়ান ফিল্ডারদের পিচ্ছিল হাতও কম দায়ী নয়। রাজার করা ৩৫ ওভারের শেষ বলটা বাতাসে ভাসিয়ে দিয়েছিলেন রায়না। কিন্তু লোপ্পা ক্যাচটা হাতে জমাতে পারেননি হ্যামিল্টন মাসাকাদজা। তখন রায়নার রান ৪৮। ক্যাচটা লুফে নিতে পারলে ম্যাচের গতিপথ পাল্টেও যেতে পারত।
এর আগে টেলরের বিশ্বকাপে টানা দ্বিতীয় সেঞ্চুরি ও শন উইলিয়ামসের ফিফটির ওপর দাঁড়িয়ে নির্ধারিত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে জিম্বাবুয়ে তোলে ২৮৭ রান। টেলর খেলেছেন ১৩৮ রানের অনবদ্য এক ইনিংস। ব্যক্তিগত সাফল্য থাকলেও দলীয় ব্যর্থতায় টেলরের শেষটা স্মরণীয় হলো না।
এ জয়ে অপরাজিত থেকেই গ্রুপ পর্ব শেষ করল ভারত। শেষ আটে ধোনির দলের মুখোমুখি বাংলাদেশ।