রাসেল আছেন 'তছনছ মুডে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাট হাতে আজও বিধ্বংসী মুডে কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ছবি: এএফপি
ব্যাট হাতে আজও বিধ্বংসী মুডে কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ছবি: এএফপি
আইপিএলে আজও জ্বলে উঠেছেন রাসেল। ২১ বল খেলে রান করেছেন ৪৫।


রাসেল আছেন ‘তছনছ মুডে’, ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেলের বর্তমান অবস্থা জানাতে এর চেয়ে ভালো শিরোনাম বুঝি আর হয় না! কে জানে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবস্থান জানাতে ব্যাট চালানো ছবির সঙ্গে এমন ক্যাপশন দিয়েই দেন কিনা কলকাতা নাইট রাইডার্সের মধ্যমণি। সে যাই হোক রাসেলের টাইমলাইনে আজকের সর্বশেষ অলিখিত পোস্ট ২১ বল খেলে ৪৫ রান। আর হ্যাঁ, অবশ্যই চারের চেয়ে ছয় বেশি। তিনটি ৪ এর ইনিংসে ৬ চারটি।

২০১৯ আইপিএলের সবচেয়ে বড় প্রশ্ন, রাসেলকে কীভাবে থামানো যায়? এবারের আইপিএলে রাসেল রূপ নিয়েছেন মূর্তিমান আতঙ্কে। একদিন ১৯ বলে ৪৯ রান তুলছেন তো পরদিনই ৪৮ রান করছেন ১৭ বলে। ২৮ বলে ৬২ রানের ইনিংসও আছে তাঁর। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে বোলাররা এখন প্রচণ্ড দ্বিধায় ভোগেন। একদিকে প্রতিপক্ষের টপ অর্ডারকে ফেরানো জরুরি, আবার এক একজন ব্যাটসম্যানের বিদায় মানেই আন্দ্রে রাসেলকে উইকেটে ডেকে আনা! আর এ মৌসুমে যে ফর্মে আছেন রাসেল তাতে দলের বিপদই বেশি ডেকে আনা হচ্ছে!

রাসেল সব সময়ই পাওয়ার হিটার ছিলেন। চার-ছক্কা মারার জন্য সব সময়ই বিখ্যাত ছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার। তাঁর অভিষেকের পর ১০০০ বল খেলেছেন এমন কোনো ক্রিকেটারই তাঁর চেয়ে বেশি বল প্রতি বাউন্ডারি মারতে পারেননি। রাসেল ২৪.২৭ শতাংশ বলেই বাউন্ডারি হাঁকান! তবে গত এক বছরে সেটা আরও বেড়েছে। ২০১৮ সালের পর থেকে ওভারে ১০.৮৪ রান তোলেন রাসেল। আর ডেথ ওভারে সেটা বেড়ে হয় ১১.৬৮ রান। একই ম্যাচে অন্য খেলোয়াড়দের ক্ষেত্রে এ হার যথাক্রমে ৮.১৪ ও ৯.২০। অর্থাৎ একই ম্যাচে, একই উইকেটে একই বোলারদের মুখোমুখি হয়ে প্রতি ওভারে গড়ে ২ রান বেশি তোলেন রাসেল। ক্রিকেটের কুলীন প্রথাগত ছাঁচে রাসেলের ব্যাটিংয়ের ধরনকে ফেলা না-যাক, তাঁর গুরুত্ব স্বীকার সবাইকে করতে হবে।

আজকের ম্যাচের কথাই ধরুন না। রাসেল যখন ক্রিজে আসলেন নাইটদের স্কোর বোর্ডে ১২.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৩ রান। টি টোয়েন্টির যুগে এ আর এমনকি! শেষ পর্যন্ত রাসেলের বদৌলতে স্কোরটা গড়াল ১৭৮। অর্থাৎ প্রথম ৭৬ বলে যেখানে রান এসেছে ৯৩, সেখানে রাসেল ক্রিজে আসার পরে বাকি ৮৫ রান ৪৪ বলে। তবে এই পরিসংখ্যান রাসেলের গুরুত্ব বোঝানোর জন্য যথেষ্ট নয়। কারণ ১৮.২ ওভারে দলীয় ১৬১ রানে মরিচের বলে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফিরে যান রাসেল। অর্থাৎ তিনি আউট হওয়ার পরে শেষ ১০ বলে রান এসেছে ১৭। এই পরিসংখ্যানেই বোঝা যাচ্ছে রাসেলের গুরুত্ব।

রাসেলের বিধ্বংসী ব্যাটিংয়ের ওপর ভর করেই ইডেন গার্ডেনে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করেছে কলকাতা। রাসেলের দিনে উজ্জ্বল ছিলেন আরও একজন শুভমান গিল। ৬৫ রান করতে ৩৯ বল খেলছেন নাইট এই ওপেনার। তবে ক্যারিবীয় বিদ্যুৎ রাসেল যেদিন চমকায়, অন্ধকারে পড়ে যান সবাই।