রাসেল–ঝড়ে প্রথম জয় পেল ঢাকা

ব্যাটে–বলে আলো ছড়িয়েছেন আন্দ্রে রাসেলছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিকে আলজারি জোসেফের গতি ও বাউন্স, আরেক দিকে শফিকুর ইসলামের সুইং—এতেই ফরচুন বরিশাল পেয়ে যায় দারুণ এক শুরু।

মাত্র ১০ রান তুলতেই মিনিস্টার গ্রুপ ঢাকার প্রথম চার ব্যাটসম্যান আউট! তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, জহুরুল ইসলাম ও মোহাম্মদ শেহজাদের কেউই দুই অঙ্কে যেতে পারেননি।

স্কোরবোর্ডে মাত্র ১২৯ রান নিয়ে লড়তে হলে এমন শুরুই তো দরকার!

কিন্তু ঢাকার লম্বা ব্যাটিং লাইন-আপের সঙ্গে লড়তে হলে দ্রুত আরও কিছু উইকেট নিতে হতো। মাহমুদউল্লাহ ও শুভাগত সেটি হতে দেননি। ৬২ বলে ৬৯ রানের জুটি গড়ে ঢাকাকে বিপদমুক্ত করেন। ৪ উইকেটের জয় পেয়েছে মাহমুদউল্লাহর দল।

প্রথম স্পেলে দারুণ বোলিং করা শফিকুর ও জোসেফকে দ্বিতীয় স্পেলের জন্য বোলিংয়ে আনতে একটু দেরিই করে ফেললেন সাকিব। মাঝের ওভারে স্পিন দিয়ে মাহমুদউল্লাহ-শুভাগতর জুটি ভাঙার চেষ্টা করে ব্যর্থ হন তিনি। ইনিংসের ১৪তম ওভারে ব্রাভোর বলে ২৫ বলে ২৯ রান করে শুভাগত আউট হন।

বরিশালের হয়ে আজ নেমেই রান পেয়েছেন ক্রিস গেইল
ছবি: প্রথম আলো

জুটি ভেঙে উল্টো যেন নিজেদের বিপদই ডেকে এনেছেন ব্রাভো। আন্দ্রে রাসেল ক্রিজে এসেই চার-ছক্কায় রান বাড়াতে থাকেন। ৩টি চার ও ও ২টি বিশাল ছক্কায় মাত্র ১৫ বলে ৩১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই জ্যামাইকান।

অধিনায়ক মাহমুদউল্লাহর সঙ্গে মাত্র ২৫ বলে ৫০ রান যোগ করেন তিনি। মাহমুদউল্লাহ ৪৭ বলে ৪৭ রান করে আউট হন। দুজনের জুটিতে ঢাকা জয়ের বন্দরে পৌঁছে যায় ইনিংসের ১৫ বল ও ৪ উইকেট বাকি থাকতে। এবারের বিপিএলে এটিই ঢাকার প্রথম জয়। বোলিংয়ের ২ উইকেটের সঙ্গে ব্যাট হাতে ৩১ রান করে ম্যাচসেরা হয়েছে রাসেল।

দিনের খেলায় ব্যাট করা কঠিন—এ তত্ত্ব বিপিএলের প্রথম দুই দিনের খেলায় প্রমাণিত হয়েছে। আজ ফরচুন বরিশালকেও মাহমুদউল্লাহ টসে জিতে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় সে কারণেই। মন্থর উইকেটে প্রত্যাশিতভাবে বরিশালের শুরুটাও হয় মন্থর। এর মধ্যে চোখ কপালে তোলার মতো মুহূর্তের জন্ম দেন ঢাকার ফিল্ডার তামিম।

শুভাগত হোম চৌধুরীর বলে বরিশাল ওপেনার সৈকত আলীর সহজ ক্যাচ ছাড়েন তিনি। একেবারে কোলে তুলে দেওয়া ক্যাচটি কীভাবে তামিমের হাত ফসকে গেল, এ নিয়ে সবার চোখেমুখে তখন অবিশ্বাস্য। তবে সৈকতের ইনিংস দীর্ঘ হয়নি। ১৮ বলে ১৫ রান করে হাসান মুরাদের বলে সেই তামিমের হাতেই ক্যাচ তোলেন সৈকত।

রানের জন্য দৌড়াচ্ছেন সাকিব ও গেইল
ছবি: প্রথম আলো

সৈকতের আউটের পর তিন নম্বরে ক্রিস গেইলের ব্যাটিং দেখার অপেক্ষায় ছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। কিন্তু গেইল ব্যাটিংয়ে এলেন ৫ নম্বরে, দীর্ঘ টি-টোয়েন্টি ক্যারিয়ারে আজই প্রথম তিনের নিচে ব্যাটিংয়ে নামলেন এই ক্যারিবীয় কিংবদন্তী।

নতুন পজিশনে নেমে রানও পেয়েছেন। টপ অর্ডারের ব্যর্থতার পর সাকিবকে নিয়ে ৩৭ রানের জুটি গড়েন গেইল।

১৯ বল খেলে ২৩ রান যোগ করে সাকিব আউট হলে আরেক ক্যারিবীয় ডোয়াইন ব্রাভোর সঙ্গে আরেকটি জুটি গড়েন তিনি। মাত্র ১৯ বলে ৩৩ রান করে ছক্কা মারতে গিয়ে ক্যাচআউট হন।

৩টি চার ও ২টি ছক্কায় সেজেছে গেইলের ইনিংস। শেষে ব্রাভোর ব্যাট থেকে আসে অপরাজিত ২৬ বলে ৩৩ রান। ৩টি চার ও ১টি ছক্কা ছিল ব্রাভোর অপরাজিত ইনিংসে। দুই ক্যারিবীয় ব্যাটসম্যানই বরিশালকে ২০ ওভার শেষে ৮ উইকেটে ১২৯ রানে নিয়ে যান।

রানের দেখা পাননি তামিম ইকবাল
ছবি: প্রথম আলো

সংক্ষিপ্ত স্কোর:
ফরচুন বরিশাল: ২০ ওভারে ১২৯/৮ (সৈকত ১৫, নাজমুল ৫, সাকিব ২৩, তৌহিদ ০, গেইল ২৬, নুরুল ১, ব্রাভো ৩৩, জিয়াউর ১, জোসেফ ৪, তাইজুল ৫; রুবেল ১/৮, শুভাগত ১/১৯, হাসান ১/১২, রাসেল ২/২৭, উদানা ২/২৯, মাহমুদউল্লাহ ১/৩১)

মিনিস্টার গ্রুপ ঢাকা: ১৭.৩ ওভারে ১৩০/৬ (তামিম ০, শেহজাদ ৫, নাঈম ৪, জহুরুল ০, মাহমুদউল্লাহ ৪৭, শুভাগত ২৯, রাসেল ৩১*; শফিকুল ২/২০, জোসেফ ২/৩৪, সাকিব ১/২১, ব্রাভো ১/১৬, তাইজুল ০/২৯, জিয়াউর ০/৬)

ফল: মিনিস্টার ঢাকা ৪ উইকেটে জয়ী