রাসেলের সাত পূর্বসূরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রায় শোনার পর বিমর্ষ আন্দ্রে রাসেল। পরশু জ্যামাইকার কিংস্টনে l রয়টার্স
রায় শোনার পর বিমর্ষ আন্দ্রে রাসেল। পরশু জ্যামাইকার কিংস্টনে l রয়টার্স

আন্তর্জাতিক ডোপবিরোধী সংস্থা (ওয়াডা) পরশু এক বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্দ্রে রাসেলকে। সরাসরি নিষিদ্ধ ওষুধ সেবন করার প্রমাণ মেলেনি, কিন্তু ২০১৫ সালে তিনবার ‘হোয়্যারঅ্যাবাউট ক্লজ’ ভাঙার কারণে এ শাস্তি পেয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার। যেকোনো খেলার অ্যাথলেটদের স্থানীয় ডোপবিরোধী সংস্থার কাছে নিজেদের অবস্থান জানানোর নিয়ম মানতে অনীহা দেখানোতেই এই সর্বনাশ রাসেলের। ক্রিকেটে ওয়াডার নিষেধাজ্ঞা দেওয়ার ঘটনা এটাই প্রথম নয়। তবে এর আগের নিষেধাজ্ঞাগুলো আইনকানুনের মারপ্যাঁচে নয়, দেওয়া হয়েছিল নিষিদ্ধ বস্তু সেবন করার দায়েই—

মোহাম্মদ আসিফ
এ তালিকায় তাঁর নাম ঢুকতে পারত তিনবার। ২০০৬ সালে পারফরম্যান্স-বর্ধক দ্রব্য নেওয়ার কারণে পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ দেওয়া হয়েছিল আসিফ ও শোয়েব আখতারকে। পাকিস্তান ক্রিকেট বোর্ড সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল দুজনকে। আপিল করে দুজনই পাপমুক্ত হয়েছেন কিছুদিন পরই। সেবার দুজনেরই যুক্তি ছিল, ভিটামিনের ট্যাবলেট মনে করে ভুল ওষুধ খেয়েছেন। কিন্তু এ থেকেও শিক্ষা নেননি, ২০০৮ সালে দুবাই এয়ারপোর্টে অবৈধ মাদক বহন করার কারণে ধরা পড়েন আবার। এবার ছাড়া পান ১৯ দিন হাজতে থাকার পর। এক মাস পরেই নতুন করে আলোচনায় আসিফ। আইপিএলে স্টেরয়েড নিয়ে ধরা পড়ে নিষিদ্ধ হন এক বছরের জন্য।

শেন ওয়ার্ন
২০০৩ বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে দক্ষিণ আফ্রিকা থেকে ফেরত আসতে হয় এই লেগ স্পিনারকে। মডুরেটিক নামের একটি ওষুধ পাওয়া গিয়েছিল ওয়ার্নের নমুনায়। ডোপ লুকানোর কাজে ব্যবহার করা হয় এই বস্তু। ধরা পড়ে মজার এক যুক্তি দিয়েছিলেন ওয়ার্ন। ওই ওষুধ নাকি তাঁর মা দিয়েছিলেন, ছেলের ওজন যাতে একটু কমে, ক্যামেরার সামনে যাতে আরেকটু ভালো দেখায় তাঁকে। এক বছরের নিষেধাজ্ঞার পর আর কখনো ওয়ানডে খেলা হয়নি এই কিংবদন্তির।

ইয়াসির শাহ্
শেন ওয়ার্নকে আদর্শ মানেন পাকিস্তানি লেগ স্পিনার। নিষিদ্ধ বস্তু নিয়ে ধরা পড়ার পর অজুহাতটাও দিয়েছেন ‘গুরুর’ কাছাকাছি। ২০১৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝপথে ডোপ পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন ইয়াসির। এ ঘটনায় তাঁর যুক্তি, ভুলে স্ত্রীর রক্তচাপ কমানোর ওষুধ খেয়েই এমন বিপাকে পড়েছেন তিনি। সমস্যা হলো, স্ত্রীর ওষুধে ছিল ক্লোরট্যালিডন, যেটা অন্য পারফরম্যান্স-বর্ধক ওষুধ ঢাকতে সাহায্য করে। তিন মাসের জন্য নিষিদ্ধ হয়ে পাকিস্তান সুপার লিগ, এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেননি ইয়াসির।

উপুল থারাঙ্গা
ফাইনালে হেরে গেলেও ২০১১ বিশ্বকাপটা ভালোই কেটেছিল উপুল থারাঙ্গার। কিন্তু বিশ্বকাপের পর জানা যায়, সেমিফাইনালের পর নেওয়া থারাঙ্গার মূত্রনমুনায় প্রেডনিসোন ও প্রেডনিসোলোন পাওয়া গেছে, যা ওয়াডার নিষিদ্ধ তালিকায় আছে। প্রথমে নিজেকে নিষ্পাপ দাবি করলেও পরে থারাঙ্গা স্বীকার করেন, কাঁধের চোট থেকে সেরে ওঠার জন্য ভেষজ ওষুধ নিয়েছিলেন। ‘পারফরম্যান্স বাড়াতে নয়, ব্যথা কমাতেই’—আইসিসি এ যুক্তি মেনে নিয়ে মাত্র তিন মাসের জন্য নিষিদ্ধ করে এই ওপেনারকে।

কিথ পাইপার
ইতিহাসে তাঁর নামটা লেখা থাকবে অন্য কারণে। ব্রায়ান লারা যেদিন ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে পাঁচ শ রান করেছিলেন, সেদিন নন স্ট্রাইকিং প্রান্তে ছিলেন এই উইকেটকিপার। কিন্তু ক্যারিয়ারের শেষ দিকে ভুল কারণে শিরোনাম হয়েছেন। ১৯৯৭ সালে গাঁজা টানার কারণে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। ৮ বছর পর আবারও একই কাণ্ড করলে ২০০৫ সালে প্রায় পুরো মৌসুমের জন্যই তাঁকে নিষিদ্ধ করা হয়। ক্যারিয়ারটা তাতেই শেষ হয়ে যায় নিজের প্রজন্মের অন্যতম সেরা এই ইংলিশ উইকেটকিপারের।

শোয়েব আখতার
পাকিস্তানি এই ফাস্ট বোলারের ‘কীর্তি’টা ২০০৬ সালে। মোহাম্মদ আসিফের সঙ্গে চ্যাম্পিয়নস ট্রফির আগে তাঁকে ফিরে যেতে হয়েছিল। শক্তিবর্ধক স্টেরয়েড পাওয়া যায় শোয়েবের নমুনায়। তাঁর যুক্তি ছিল, স্টেরয়েড নয়, প্রোটিনসমৃদ্ধ খাবার ও ভেষজ ওষুধ নেওয়াতেই এই সমস্যায় পড়েন। দুই বছরের জন্য নিষিদ্ধ হলেও স্থানীয় তদন্তে দায়মুক্তি পান।

ইয়ান বোথাম
এঁদের মাঝে ব্যতিক্রম হয়ে আছেন ইয়ান বোথাম। ডেইলি মেইল-এর এক কলামে নিয়মিত গাঁজা সেবন করেন বলে নিজেই স্বীকার করেছিলেন ইংলিশ অলরাউন্ডার। এ জন্য ৬৩ দিনের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। নিষেধাজ্ঞামুক্ত হয়ে তাঁর প্রত্যাবর্তনটা ছিল রাজসিক। মাত্র ১২ বলের মধ্যে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটা প্রথমে ছুঁয়ে, তারপর সেটা ভেঙেছেন। আর যে কারণে এত কাণ্ড সেটি নিয়েও কোনো অনুশোচনা ছিল না তাঁর। বরং বলতেন, গাঁজা টানার কারণেই নাকি পুরো দেশকে ‘টেনে নেওয়া’র কঠিন কাজটি করতে পেরেছেন এক দশকেরও বেশি সময়জুড়ে! সূত্র: ক্রিকইনফো।