রাস্তায় নেমে বাবরের ইফতারের খুশি বিতরণ
দুর্দান্ত একটা মাস কাটিয়েছেন বাবর আজম। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন সংস্করণ মিলিয়ে ৭৩২ রান করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের দুর্দান্ত ফর্ম দিয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাজে স্মৃতি ভুলেছেন পাকিস্তান অধিনায়ক।
নিজের সুখ এবার অন্যদের মধ্যে বিলিয়ে দিচ্ছেন বাবর আজম। গতকাল বৃহস্পতিবার সহ–অধিনায়ক শাদাব খানকে নিয়ে নিজের শহর লাহোরে ইফতারি বিতরণ করেছেন তিনি।
সম্পূর্ণ ভিন্ন দুটি মাস কাটিয়েছেন বাবর। পিএসএলে করাচি কিংসের অধিনায়কত্ব করা বাবর দলকে মাত্র এক ম্যাচ জিতিয়েছেন। এই ১০ ম্যাচে ৩৮.১১ গড়ে ৩৪৩ রান করলেও তাঁর ১১৮.৬৮ স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন ছিল অনেক। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাই বড় পরীক্ষা ছিল তাঁর।
রাওয়ালপিন্ডি টেস্টে একমাত্র ইনিংসে ৩৬ রান করেছেন। করাচিতে প্রথম ইনিংসে ৩৬ রান করলেও দলের ব্যাটিং ধস আটকাতে পারেননি। এর পর থেকেই রানের ফোয়ারা ছুটেছে বাবরের।
পরের ৭ ইনিংসে ৫০–এর নিচে থামেননি। নিজের ব্যক্তিগত সর্বোচ্চ ১৯৬ রানের ইনিংসে করাচি টেস্ট ড্র করেছেন। পরের ছয়টি ইনিংসেও তাঁকে সামলাতে কষ্ট হয়েছে অস্ট্রেলিয়ার। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে তাঁর বাকি ৬ ইনিংসের রান ৬৭, ৫৫, ৫৭, ১১৪, ১০৫* ও ৬৬।
অধিনায়কের এমন ফর্ম পাকিস্তানকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০ বছর পর ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ এনে দিয়েছে। পিএসএল ও অস্ট্রেলিয়া সিরিজের কারণে বহুদিন বাড়িতে যেতে পারেননি। তাই ছুটি পেয়েই বাড়িতে গেছেন। লাহোরে ফিরে নিজের খুশি অন্যের সঙ্গে ভাগাভাগি করে নিতে চেয়েছেন।
পঞ্চম রোজার দিনে ইফতারি বিতরণ করেছেন। দাবানলের মতো ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা গেছে, লাহোরের রাস্তায় ইফতারি বিতরণ করছেন বাবর ও শাদাব। চোটের কারণে অস্ট্রেলিয়া সিরিজে না খেলা শাদাব এই ক্ষেত্রে অন্তত অধিনায়ককে সাহায্য করতে পেরেছেন। বড় এক হাঁড়ি থেকে বিরিয়ানি বিতরণ করছেন বাবর। পাশে বেশ কয়েকটি পাত্রে শরবতও ছিল।
গত কিছুদিন পাকিস্তানি ক্রিকেটারদের মহানুভবতার এমন ভিডিও বেশ আলোচনার জন্ম দিচ্ছে। এর আগে আবিদ আলীর একটা ভিডিও ছড়িয়ে পড়েছিল। সেখানে দেখা গেছে, টেস্টের ইনিংস–বিরতিতে পাখিদের খাবার খাওয়াচ্ছেন পাকিস্তানি ওপেনার।