রাহানেকে ‘লুকানো বার্তা’ ওয়াসিম জাফরের
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব ভারতের সাবেক টেস্ট ওপেনার ওয়াসিম জাফর। ভারতের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট রঞ্জি ট্রফির কিংবদন্তি কখনো অনেককে ‘ট্রল’ করে শিরোনাম হচ্ছেন। কখনো খবরে আসছেন নানা ধরনের পোস্ট দিয়ে।
সর্বশেষ ওয়াসিম জাফর খবরে এসেছেন একটি টুইটের কারণে, যেটি তিনি করেছেন বিরাট কোহলির অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ তিন টেস্টের নেতৃত্ব পাওয়া অজিঙ্কা রাহানের উদ্দেশে।
মেলবোর্নে ২৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া বক্সিং ডে টেস্টের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ‘লুকানো বার্তা’ দিয়েছেন তিনি ওই পোস্টে।
অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে অলআউট হয়ে তিন দিনের মধ্যেই হেরে যায় ভারত। ঠিক এমন অবস্থায় দ্বিতীয় টেস্ট থেকে তারা পাচ্ছে না অধিনায়ক কোহলিকে।
প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রী আনুশকা শর্মার পাশে থাকতে ছুটি নিয়েছেন তিনি। সিরিজের বাকি তিন টেস্টে দলকে নেতৃত্ব দেবেন রাহানে। তাঁকে একাদশ সাজাতে সাহায্য করতেই নাকি ওই লুকানো বার্তা দিয়েছেন ওয়াসিম জাফর!
টুইটের শুরুতে ওয়াসিম জাফর লিখেছেন, ‘প্রিয় অজিঙ্কা রাহানে, এখানে তোমার জন্য একটি লুকানো বার্তা আছে।’ এটা লিখে নিচে কয়েকটি ইংরজি শব্দ লিখেছেন ওয়াসিম জাফর। শব্দগুলো হলো— People, In, Cricket, Know, Grief, In, Life, Lingers, Aplenty, Never, Dabble, Rise, And, Handcraft, Unique, Legacy.
শব্দগুলো দিয়ে নিচে সবার উদ্দেশে একটি বাক্য লিখেছেন ওয়াসিম জাফর। যার অর্থ, ‘ধাঁধাটা আপনারা যে কেউই ভাঙানোর চেষ্টা করতে পারেন। প্রতিটি শব্দের প্রথম অক্ষরগুলো নিলে স্পষ্ট হয়, ওয়াসিম জাফর আসলে রাহানেকে একাদশ সাজানো নিয়েই পরামর্শ দিয়েছেন।
কী সেই পরামর্শ—‘পিক গিল অ্যান্ড রাহুল।’ যার মানে একটাই—ওয়াসিম জাফর সুবমান গিল আর লোকেশ রাহুলকে নিতে বলেছেন বক্সিং ডে টেস্টের দলে।
অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচে খুব ভালো ব্যাটিং করেছেন গিল। তিনি দেখিয়েছেন অস্ট্রেলিয়া ফাস্ট বোলারদের সামলানোর সামর্থ্য তাঁর আছে। তবে প্রথম টেস্টে তাঁকে একাদশে না রেখে ভারতের নির্বাচকেরা দলে রেখেছেন পৃথ্বীশকে।
কোহলিকে পাচ্ছে না ভারত, পৃথ্বীশের আত্মবিশ্বাসও তলানিতে। তাই ভারতের টিম ম্যানেজমেন্ট মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে ওপেনিংয়ে পাঠাতে পারে তাঁরই কর্ণাটকের ওপেনিং সঙ্গী লোকেশ রাহুলকে।