রাহানের ভুলে প্রিয় কাজটাই করা হলো না কোহলির

রান আউট হয়ে হতাশা ঝরেছে কোহলির চোখেমুখেছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানআউট হওয়ার পর অজিঙ্কা রাহানের দিকে একবার তাকিয়েছিলেন বিরাট কোহলি। টিভি ক্যামেরা পেছন থেকে ধরায় চাহনিটা কেমন ছিল তা পরিষ্কার বোঝা যায়নি।

কিন্তু ইনিংসের সেই পথে সতীর্থের ভুলে রানআউট হলে সেটা যে অগ্নিদৃষ্টি, তা সহজেই অনুমেয়। অন্য প্রান্তে রাহানে তখন নত মস্তকে অপরাধীর ভূমিকায়। অধিনায়কের প্রিয় কাজটাই যে তিনি করতে দেননি!

প্রিয়? তা খোলাসা করার আগে সহজ একটি প্রশ্ন। ব্যাটসম্যানের প্রিয় কাজ কী?

পরিস্থিতিভেদে অনেক রকম হতে পারে। তবে বেশির ভাগের কাছেই তা অবশ্য সেঞ্চুরি। তিন অঙ্কের ঘর ব্যাটসম্যানদের সব সময়ই আরাধ্য। রানআউট হওয়ার আগে কোহলি আজও হাঁটছিলেন সে পথে। বেশির ভাগ সময়ই যেমনটা হয়ে থাকে আর কি!

১ থেকে শুরু করে ৫০, এরপর সেখান থেকে ১০০—ইনিংস রূপান্তরের এই খেলা কোহলির কাছে যেন ছেলের হাতের মোয়া!

কিন্তু সেই ‘মোয়া’টা আজ অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টের প্রথম দিনে পণ্ড হলো রাহানের ভুলে। এক রান চুরি করার ডাক দিয়ে ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়া কোহলিকে ফিরিয়ে দিয়েছেন রাহানে। এই সুযোগ হাতছাড়া করেনি অস্ট্রেলিয়া।

তার আগে ৮ চারে ১৮০ বলে কোহলির ৭৪ রানের ইনিংসের গতিপথ ছিল সেঞ্চুরির পানে। খেলার ধাঁচে ধৈর্য, সংযম ও সাবধানতাই বলে দিচ্ছিল এই সিরিজে মাত্র এক টেস্ট খেলতে নামার শুরুটা ভারতীয় অধিনায়ক করতে চান নিজের প্রিয় কাজটি দিয়ে—সেঞ্চুরি!

কোহলির এই প্রিয় কাজের প্রমাণ চাই?

অ্যাডিলেডে নামার আগে ৮৬ টেস্টে ১৪৫ ইনিংসে ব্যাট করেছেন কোহলি। এর মধ্যে ৪৯বার ফিফটি পার করেছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। এর মধ্যে ২৭ বার তিনি সেঞ্চুরি তুলে নেওয়ার আগে থামেননি।

আজ সেটি ২৮-এ পরিণত হতো যদি না...থাক সেসব কথা। ভুলভ্রান্তি তো খেলারই অংশ!

তবে ফিফটিকে সেঞ্চুরিতে রূপান্তরের হারে কোহলি কিন্তু ইতিমধ্যেই কিংবদন্তিদের কাতারে। এমনকি এভাবেও বলা যায়, ক্রিকেটে সেই তালিকায় কোহলি শীর্ষ তিন কিংবদন্তির একজন।

আজ অ্যাডিলেড টেস্ট শুরুর আগে ন্যূনতম ১০ সেঞ্চুরি আছে, এমন ব্যাটসম্যানদের মধ্যে কোহলিকে এই আসন এনে দিয়েছে পরিসংখ্যান। শীর্ষে স্যার ডন ব্র্যাডম্যান।

রান আউট হয়ে মাঠ ছাড়ছেন কোহলি
ছবি: রয়টার্স

অনেকের কাছে ব্যাটিংয়ের শেষ কথা ব্র্যাডম্যান (৫২ টেস্ট) ৮০ ইনিংসে মোট ৪২ বার ফিফটি পার করেছেন। এর মধ্যে ২৯ বার সেঞ্চুরি করার আগে তাঁকে কেউ আউট করতে পারেনি।

অস্ট্রেলিয়ান কিংবদন্তির এই ফিফটিকে সেঞ্চুরিতে রূপান্তরের অনুপাত ২.২৩!

ব্র্যাডম্যানের পরেই আছেন আরেক ব্র্যাডম্যান! তিনি ওয়েস্ট ইন্ডিজের ‘ব্ল্যাক ব্র্যাডম্যান’—জর্জ হ্যাডলি। মাত্র ২২ টেস্টের ক্যারিয়ারে ব্যাট করেছেন ৪০ ইনিংস।

এর মধ্যে ফিফটি পার করেছেন ১৫ বার, যার মধ্যে ১০ বার সেঞ্চুরির আগে আউট হননি। তাঁর রূপান্তরের অনুপাত কাঁটায় কাঁটায় ২.০০। ১.২৩ অনুপাত নিয়ে তিনে কোহলি।

চারে ওয়েস্ট ইন্ডিজের ‘থ্রি ডব্লুজ’–এর অন্যতম ক্লাইড ওয়ালকট। মোট ২৯ বার ফিফটি পেরিয়ে ১৫ বারই সেঞ্চুরি করেছেন ৪৪ টেস্টে ৭৪ ইনিংসে ব্যাট করতে নামা কিংবদন্তি (১.০৭ অনুপাত)।

নিজের ভুলে সতীর্থকে রান আউট করে হতাশ রাহানেও
ছবি: টুইটার

পাঁচে ভারতের মোহাম্মদ আজহারউদ্দিন। ৯৯ টেস্টের ক্যারিয়ারে ১৪৭ ইনিংসে ব্যাট করতে নেমে মোট ৪৩ বার ফিফটির দেখা পেয়েছেন তিনি। এর মধ্যে ২২ বার সেঞ্চুরির আগে তাঁকে কেউ থামাতে পারেনি।

কোহলিকেও সম্ভবত আজ প্রতিপক্ষ দল কেউ থামাতে পারত না, যদি ভুলটা না করতেন তাঁর–ই সতীর্থ!