রাহুলের আরেকটি রেকর্ড, সিরিজ ভারতের

ওয়ানডে অভিষেকেই সেঞ্চুরি করে ভারতের হয়ে রেকর্ড বইয়ে নাম তুলেছেন লোকেশ রাহুল। আজ অবশ্য সেঞ্চুরি কিংবা হাফ সেঞ্চুরিও করেননি। তবুও একটি রেকর্ড নিজের করে নিলেন ভারতীয় ওপেনার! জিম্বাবুয়ের সঙ্গে আগের ম্যাচে অপরাজিত ছিলেন ১০০ রানে। আজ হারারেতে আউট হয়েছেন ৩৩ রান করে। ওয়ানডেতে খেলতে নেমে ১৩৩ রান করার পর আউট হলেন রাহুল। ওয়ানডেতে প্রথমবারের মতো আউট হওয়ার আগে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে এটিই সর্বোচ্চ রান। এর আগে উকেরি রমন থেমেছিলেন ১০৩ রানে।
তবে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারানোর পেছনে রাহুল নন, মূল ভূমিকা রেখেছেন লেগস্পিনার যজুবেন্দ্র চাহাল। ২৫ রানে ৩ উইকেট নিয়ে জিম্বাবুয়ের মিডল অর্ডার ধসিয়ে দিয়েছেন তিনিই। ৩৯ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর জিম্বাবুয়েকে পথ দেখিয়েছিল সিকান্দার রাজা-ভুসি সিবান্দার চতুর্থ উইকেট জুটি। দুজন যোগ করেন ৬৭ রান। এই জুটি ভাঙেন চাহাল। একে একে তুলে নেন সিকান্দার, সিবান্দা ও এলটন চিগুম্বুরার উইকেট। তাসের ঘরের মতো ভেঙে পড়া জিম্বাবুয়ে ব্যাটিংয়ের উজ্জ্বলতম নাম সিবান্দা, করেছেন সর্বোচ্চ ৫৩ রান।
১২৮ রানের ছোট লক্ষ্য ২ উইকেট হারিয়েই পৌঁছে যায় ভারত। অম্বাতি রায়ডু অপরাজিত থাকেন ৪১ রানে। এই জয়ে ৩ ম্যাচের সিরিজে ১ ম্যাচ বাকি থাকতে জিতে গেল ভারত।