রাহুলের ফিফটি মানেই সেঞ্চুরি

দেশের মাটিতে এখনো কোনো টেস্ট খেলেননি। বিদেশে খেলেছেন ৬টি টেস্ট, এর তিনটিতেই সেঞ্চুরি! জ্যামাইকার স্যাবাইনা পার্কে কাল আরও একটি সেঞ্চুরির দেখা পেলেন লোকেশ রাহুল। তাঁর ১৫৮ রানের ওপর ভর করে বেশ সুবিধাজনক অবস্থানেই আছে ভারত। দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ৩৫৮ রান। প্রথম দিন আগে ব্যাট করে ১৯৬ রানেই শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। এই মুহূর্তে প্রথম ইনিংসে ভারত এগিয়ে ১৬২ রানে।
রাহুলের ইনিংসটি আলাদা প্রশংসাই পাচ্ছে। মুরালি বিজয়ের চোটের কারণে একাদশে সুযোগ পেয়ে কী দারুণ ব্যাটিংটাই না করলেন লোকেশ। ৩০৩ বল খেলেছেন। এর মধ্যে আছে ১৫ চার আর ৩ ছক্কা। কখনো সুনীল গাভাস্কার কিংবা কখনো রাহুল দ্রাবিড়কে মনে করিয়ে দেওয়া লোকেশ কিন্তু এই টেস্টের স্পটলাইটটা রবিচন্দ্রন অশ্বিনের দিক থেকে পুরোপুরিই টেনে নিয়েছেন নিজের কাছে।
এ নিয়ে ৬ ক্যারিয়ারে তিনটি সেঞ্চুরি করলেন। কোনো ফিফটি নেই। ৫০ করলেই সেটিকে সেঞ্চুরিতে নিয়ে যাওয়ার কৃতিত্ব শুরু থেকেই দেখাচ্ছেন। ভারতের মাত্র দুজন ব্যাটসম্যান তাঁদের ক্যারিয়ারের প্রথম তিনটি পঞ্চাশের ইনিংসকেই সেঞ্চুরির রূপ দিতে পেরেছিলেন। সর্বশেষ যে কৃতিত্ব ছিল মোহাম্মদ আজহারউদ্দিনের।
রাহুলের আগেই অবশ্য ৪৬ রানে আউট হয়েছেন চেতেশ্বর পূজারা। অধিনায়ক বিরাট কোহলি অবশ্য নিজের ইনিংসটাকে খুব বেশি দূর টেনে নিয়ে যেতে পারেননি। আউট হয়ে ফিরেছেন ৪৪ রানে। অজিঙ্কা রাহানে অপরাজিত ৪২ রানে। অশ্বিন অবশ্য ব্যাট হাতে এবার ব্যর্থই। মাত্র ৩ রানে ফিরেছেন। তবে ঋদ্ধিমান সাহা আছেন। তাঁকে নিয়ে ভারতকে রাহানে কত দূর এগিয়ে নিতে পারেন, এখন দেখার বিষয় এটিই। তবে এরই মধ্যে ম্যাচের লাগাম পুরোপুরি ভারতের হাতেই।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে রোস্টন চেজ ৯১ রানে নিয়েছেন ২ উইকেট। এ ছাড়া শ্যানন গ্যাব্রিয়েল ও দেবেন্দ্র বিশু দুজনেই পেয়েছেন একটি করে উইকেট। সূত্র: এএফপি।