
ভারত ইনিংসের শেষ দিকে সমীকরণটা ছিল এমন, দলের জয়ের জন্য দরকার ২ রান, তাঁর সেঞ্চুরির জন্য ৬। সেঞ্চুরিটি হলে ভারতের ইতিহাসেরই অংশ হয়ে যাবেন লোকেশ রাহুল। ওয়ানডে অভিষেকেই সেঞ্চুরি করার কৃতিত্ব যে নেই কোনো ভারতীয় ব্যাটসম্যানের! কাল হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের হয়ে সেই কীর্তিই গড়লেন রাহুল। বোলার হ্যামিল্টন মাসাকাদজার বল উড়িয়ে মারলেন গ্যালারিতে। জিতল ভারত, ভারতের জার্সিতে ওয়ানডে অভিষেকে এল প্রথম সেঞ্চুরি!
আসলে জিম্বাবুয়ে ইনিংস শেষেই নির্ধারিত হয়ে গিয়েছিল ম্যাচের ভাগ্য। টস হেরে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে অলআউট হয়ে যায় ১৬৮ রানে। এর পর ভারত কত ব্যবধানে জেতে সেটাই ছিল দেখার। কিন্তু ম্যাচের সময় যত গড়িয়েছে, ভারতের জয়ের ব্যবধান ছাপিয়ে আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে রাহুলের সেঞ্চুরি পাওয়া না-পাওয়াটা। জয়ের জন্য ভারতের দরকার যখন ২০, রাহুলের সেঞ্চুরি জন্যও প্রয়োজন ছিল সমান রান। ৬২ রানে অপরাজিত রাইডু ওই সময়টাতে স্ট্রাইক পেয়েও কোনো রান নেননি বলেই তো হলো রাহুলের সেঞ্চুরিটা। ৭টি চার ও ১টি ছয়ে ১১৫ বলে তিন অঙ্ক ছোঁয়া ইনিংসটির জন্য অবশ্য ক্রিজের সঙ্গী অম্বাতি রায়ডু একটা ধন্যবাদ পেতেই পারেন। দুজনের ১৬২ রানের দ্বিতীয় উইকেট জুটিই ভারতকে এনে দিল বড় জয়।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে: ৪৯.৫ ওভারে ১৬৮ (চিগুম্বুরা ৪১, রাজা ২৩,আরভিন ২১; বুমরা ৪/২৮, কুলকার্নি ২/৪২, স্রান ২/৪২)। ভারত: ৪২.৩ ওভারে ১৭৩/১ (রাহুল ১০০*, রায়ডু ৬২*; চাতারা ১/২০)।
ফল: ভারত ৯ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: লোকেশ রাহুল।