রাহুল-রাহানে এগিয়ে দিলেন ভারতকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরির পর লোকেশ রাহুল l এএফপি
সেঞ্চুরির পর লোকেশ রাহুল l এএফপি

ফিল সিমন্স কি আসলেই কথাটি বিশ্বাস করেন, নাকি বলতে হয় তাই বললেন?
কিংস্টন টেস্টের শেষ তিন দিনে বৃষ্টি বাগড়া দিতে পারে, এ নিয়ে তাঁর ভাবনা জানতে চাইতেই ওয়েস্ট ইন্ডিজ কোচের উত্তর, ‘মনে হয় না, বৃষ্টির সাহায্য প্রয়োজন হবে। চতুর্থ দিনেই না হয় বলি, পঞ্চম দিনে (বৃষ্টি) লাগবে কি না!’ চলতি টেস্টটির সারমর্ম বোধ হয় বলা হয়েই গেল, দ্বিতীয় দিন শেষেই এক দলের ম্যাচ বাঁচানোর প্রশ্নে প্রকৃতির সাহায্যের কথা বলতে হচ্ছে।
সিমন্স মনে মনে বৃষ্টির প্রার্থনা শুরু করে দিয়েছিলেন কি না, কে জানে! কাল তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতির আধঘণ্টা পরে ঠিকই বৃষ্টি এসে খেলা থামিয়ে দিল। এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টি আর থামেনি। ৫ উইকেটে ৩৫৮ রান নিয়ে দিন শুরু করা ভারত আর মাত্র ১ উইকেট হারিয়ে তুলে ফেলেছে ৪৫৬ রান। ৪ উইকেট হাতে নিয়ে প্রথম টেস্টের জয়ী দলটি এগিয়ে ছিল ২৬০ রানে। ৮৩ রানে উইকেটে ছিলেন অজিঙ্কা রাহানে। সঙ্গী অমিত মিশ্রর রান ২১। এর আগে ৪৭ রানে ফিরেছেন উইকেটকিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা।
ওয়েস্ট ইন্ডিজের সর্বনাশের শুরুটা হয়েছিল প্রথম দিনেই। ক্যারিবীয় ব্যাটসম্যানদের করুণ ব্যাটিংয়ে মনে হচ্ছিল, উইকেটে বোধ হয় মাইন পাতা। সেই উইকেটকেই পরের দুই দিন ব্যাটিং স্বর্গ মনে হলো। অন্তত লোকেশ রাহুল ও রাহানের ব্যাটিং সেই ইঙ্গিতই দিয়েছে।
যে উইকেটে ইশান্ত শর্মা, মোহাম্মদ শামিদের বলে নাকানিচুবানি খেলেন স্বাগতিক দলের ব্যাটসম্যানরা, সেখানে পরশু কী অসাধারণ ইনিংস খেললেন রাহুল। ব্যাটিংয়ের ব্যাকরণ মেনেই করলেন ১৫৮ রান, ক্যারিবিয়ানে অভিষেকে ভারতীয় রেকর্ড। ১৯৫৩ সালে পোর্ট অব স্পেনে পাঁচে নেমে ১৩০ রান করেছিলেন পলি উমরিগড়। ৬৩ বছর পর সেই রেকর্ড ভেঙে দিলেন রাহুল।
রাহুল বিস্ময়ের জন্ম দিয়েই যাচ্ছেন। টেস্ট ক্যারিয়ারে ১১ ইনিংস খেলে তিনটি সেঞ্চুরি, সব কটিই দেশের বাইরে। কিন্তু এর চেয়েও বিস্ময়কর হলো, এই তিন সেঞ্চুরি ছাড়া তাঁর সর্বোচ্চ ইনিংসটি হলো ১৬! ইঙ্গিতটা পরিষ্কার, রাহুলকে আগেভাগে ফেরাতে না পারলে বিপদ। রাহুলের এই কথায় প্রতিপক্ষ দল ভয়ই পেতে পারে, ‘কয়েক মাস ধরে আমি খুব ভালো করছি। তিন সংস্করণেই ভালো করছি, সেটাই চালিয়ে যেতে চাই।’
রাহুল ব্যাট করেছেন মন খুলে, কিন্তু সঙ্গী চেতেশ্বর পূজারা ঢুকে গিয়েছিলেন খোলসে। দ্বিতীয় দিনে মধ্যাহ্ন বিরতির আগে রানআউট হয়ে ফেরার আগে ১১২ বলে মাত্র ২৮ রান করতে পারেন পূজারা। এরপরই আরেকটি প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। উইকেটে নতুন ব্যাটসম্যান আসার পরও নতুন বল নিতে দেরি করেছেন।
শেষ পর্যন্ত রাহুলকে ফেরাতে ঠিকই নতুন বল লেগেছে। দ্বিতীয় দিনের শেষ সেশনে রাহুলের পর আগের টেস্টের দুই সেঞ্চুরিয়ান বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিনকেও ফিরিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু ততক্ষণে যে অনেক দেরি হয়ে গেছে। তথ্যসূত্র: ক্রিকইনফো।