রায়না-জাদেজাকে অবৈধ উপঢৌকন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএলের সাবেক কমিশনার ললিত মোদিকে নিয়ে বেশ কয়েক দিন ধরেই উত্তপ্ত ভারতের রাজনৈতিক অঙ্গন। এতে ক্রীড়াঙ্গন কি আর বাদ যায়! ২০১৩ সালে আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনকে লেখা একটি ই-মেইল সম্প্রতি ফাঁস হয়েছে। ওই ই-মেইলে মোদি লিখেছেন, তিনি তথ্য পেয়েছেন ভারতের দুজন ও ওয়েস্ট ইন্ডিজের একজন ক্রিকেটার জুয়াড়ি হিসেবে পরিচিত এক বড় আবাসন ব্যবসায়ীর কাছ থেকে ফ্ল্যাট ও অর্থ উপঢৌকন নিয়েছেন। মোদি রিচার্ডসনকে অনুরোধ করেন, আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটকে (আকসুকে) দিয়ে তদন্ত করে দেখার। শুক্রবার রাতে শ্যাম স্বামী নামে অপরিচিত এক ব্যক্তিই প্রথম টুইটারে চিঠির বিষয়টি তুলে ধরেন।
ভারতের টাইমস অব ইন্ডিয়া অভিযুক্ত ক্রিকেটারদের নাম উল্লেখ না করলেও আইবিএন লাইভ তাদের ওয়েবসাইটে সরাসরিই নাম বলে দিয়েছে তিন ক্রিকেটারের। অভিযুক্ত সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা ও ডোয়াইন ব্রাভো তিনজনই আবার আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের খেলোয়াড়।
বাবা দিওয়ান নামের ওই আবাসন ব্যবসায়ীর কাছ থেকে রায়না দক্ষিণ দিল্লির অভিজাত এলাকায় ও জাদেজা পশ্চিম মুম্বাইয়ে ফ্ল্যাট পেয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া ব্রাভো পেয়েছেন আর্থিক উপহার। ওই ব্যবসায়ী প্রতি ম্যাচ নিয়ে ১ থেকে ২ কোটি ডলারের বাজি ধরেন বলেও লিখেছেন মোদি।
এদিকে কাল মোদির মেইল পাওয়ার কথা স্বীকার করে আইসিসি বলেছে, তারা আকসুকে ব্যাপারটা জানাতে দেরি করেনি। তবে ই-মেইল ফাঁস হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়াই দেখিয়েছেন মোদি। কাল নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে পাল্টা টুইট করে বলেছেন, ‘এটা খুবই গোপনীয় বিষয়। এটাকে টুইটারে ছড়ানো উচিত হয়নি।’ টাইমস অব ইন্ডিয়া।