রায়নার অস্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষ নিয়েছেন তিন ক্রিকেটার—কয়েক দিন আগে ললিত মোদির ফাঁস হওয়া ই-মেইল তোলপাড়ই ফেলেছে ক্রিকেট-দুনিয়ায়। এরপর মোদি, আইসিসি, বিসিসিআই নিজ নিজ অবস্থান পরিষ্কার করলেও নীরবই ছিলেন অভিযোগের তিরে বিদ্ধ তিন ক্রিকেটার। কাল অবশেষে নীরবতা ভাঙলেন ত্রয়ীর একজন—সুরেশ রায়না। ঘুষ নেওয়ার অভিযোগ তো অস্বীকারই করেছেন ভারতীয় ব্যাটসম্যান, হুমকি দিয়েছেন মোদির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও।
ব্যক্তিগত ম্যানেজমেন্ট কোম্পানি ঋতি স্পোর্টসের মাধ্যমে দেওয়া বিবৃতিতে অভিযোগ প্রত্যাখ্যান করে রায়না বলেছেন, ‘গণমাধ্যমে আমার বিরুদ্ধে আসা অভিযোগের প্রেক্ষাপটে ভক্তদের জানিয়ে দিতে চাই আমি সব সময়ই সর্বোচ্চ সততা দিয়ে ক্রিকেট খেলে এসেছি। আমি কখনোই কোনো অনৈতিক কাজে জড়াইনি। আমার বিরুদ্ধে ওঠা সব অভিযোগই মিথ্যা। এ ব্যাপারটা নিয়ে কী আইনি পদক্ষেপ নেওয়া যায় তাই নিয়ে ভাবছি।’ ক্রিকইনফো।