রায়নার বাংলাদেশ-স্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্দান্ত সব স্ট্রোকে স্বপ্ন দেখাচ্ছিলেন বাংলাওয়াশের। কিন্তু কুলকার্নির বলে অপমৃত্যু হলো সৌম্যের ঝলমলে ৪০ রানের ইনিংসের। কাল মিরপুরে l প্রথম আলো
দুর্দান্ত সব স্ট্রোকে স্বপ্ন দেখাচ্ছিলেন বাংলাওয়াশের। কিন্তু কুলকার্নির বলে অপমৃত্যু হলো সৌম্যের ঝলমলে ৪০ রানের ইনিংসের। কাল মিরপুরে l প্রথম আলো

সিরিজের নিষ্পত্তি হয়ে গিয়েছিল প্রথম দুই ওয়ানডের পরই। তবে নিয়মরক্ষার তৃতীয় ম্যাচেও দুই দলের দুটি ভিন্ন চাওয়া ছিল। বাংলাদেশ চেয়েছিল তৃতীয় ম্যাচটাও জিতে বাংলাওয়াশ সম্পন্ন করতে। সফরের শেষটা অন্তত জয়ে করতে চেয়েছিল ভারত। ক্রিকেট-বিধাতা হাসলেন ভারতের দিকে চেয়ে। স্বস্তির জয় নিয়েই তাই দেশে ফিরছে মহেন্দ্র সিং ধোনির দল। ম্যাচ সেরা হয়ে সংবাদ সম্মেলনে আসা সুরেশ রায়নার চোখে-মুখেও সেই স্বস্তির ছাপ। তবে একই সঙ্গে সিরিজ জয়ের জন্য উচ্ছ্বসিত প্রশংসা করলেন বাংলাদেশেরও।
ব্যাট হাতে ২১ বলে ৩৮ রানের একটা ঝোড়ো ইনিংস খেলেছেন। পরে বল হাতে ৮ ওভারে ৪৫ রান দিয়ে নিয়েছেন ৩টি উইকেট। যার মধ্যে আছে মুশফিক আর সাকিবের মূল্যবান উইকেট দুটিও। তবে সুরেশ রায়না বিনয়ী। ম্যাচ জেতানোর কৃতিত্বটা ভাগাভাগি করে দিলেন সতীর্থদের, ‘ধোনি দারুণ ব্যাট করেছে। ধবল কুলকার্নিও শুরুতে দুটি দারুণ ব্রেক দিয়েছে। জয়টা তাই দলগত পারফরম্যান্সের ফল।’
গত বছরের মাঝামাঝি দ্বিতীয় সারির একটা দল নিয়ে বাংলাদেশকে সিরিজ হারিয়ে গিয়েছিল ভারত। তিনি ছিলেন সেই দলটার অধিনায়ক। এবার সেই রায়না পূর্ণ শক্তির ভারত দলের সদস্য। কিন্তু ফিরে যেতে হচ্ছে একেবারে উল্টো একটা অভিজ্ঞতা নিয়ে। বছর খানেকের মধ্যে বাংলাদেশ দলের এই বিবর্তন কীভাবে দেখছেন? ভারতীয় অলরাউন্ডার সরাসরিই বললেন, ‘ওরা দারুণ উন্নতি করেছে।’
৩২ বছর আগে এ রকমই এক ২৫ জুনে কপিল দেবের দল নতুন করে লিখেছিল ভারতীয় ক্রিকেটের ইতিহাস। লর্ডসের ব্যালকনিতে বিশ্বকাপ ট্রফি প্রথমবারের মতো উঠেছিল কোনো ভারতীয় অধিনায়কের হাতে। আজ আরও একটা ২৫ জুনে ভারতীয় দল বাংলাদেশ থেকে ফিরে যাবে সিরিজ হারের বেদনা নিয়ে। ভারতীয় এক সাংবাদিক প্রসঙ্গটা তুলে জানতে চাইলেন রায়নাদের অনুভূতি। ভারতীয় অলরাউন্ডার কিন্তু নিজেদের আক্ষেপের চেয়ে বেশি করে বললেন বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্সের কথাই, ‘দেখুন, আমরা একটা ভালো দলের কাছে সিরিজ হেরেছি। ওদেরকে প্রাপ্য কৃতিত্বটুকু তো দিতেই হবে। ওরা আগের দুটি ম্যাচে দারুণ ক্রিকেট খেলেছে। আমরা যে ভুলগুলো করেছি সেগুলো আমাদের ভবিষ্যতের শিক্ষা হয়ে রইল। আর একটা সিরিজ হারেই তো সব শেষ নয়।’
তৃতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন বলেছিলেন, মিরপুরের এই মাঠটাকে বাংলাদেশ নিজেদের ঘাঁটি বানিয়ে ফেলেছে। কাল রায়নার কণ্ঠেও সতীর্থর কথারই প্রতিধ্বনি। তবে আসল পরীক্ষাটা যে বিদেশের মাটিতে, মনে করিয়ে দিলেন সেটিও, ‘আমার মনে হয় এখন ওদের উচিত হবে বিদেশে বেশি করে ম্যাচ খেলা। ওরা দেশে অনেক ম্যাচ খেলছে। ওরা যদি এখান থেকে আরও উন্নতি করতে চায়, তাহলে বাংলাদেশের বাইরে খেলতে হবে। ভারতে, অস্ট্রেলিয়ায় খেললে তখন বোঝা যাবে, আসলে ওরা কতটা উন্নতি করেছে। আশা করছি ওরা সেখানেও ভালো করবে।’